মহারাষ্ট্রের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নির্বাচনেও জয়জয়কার বিজেপি নেতৃত্বাধীন জোট মহাজুটির। ২০২৪ সালে বিধানসভা ভোট থেকে শুরু হওয়া জয়ের ধারা বজায় রইল জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নির্বাচনেও।
নির্বাচন কমিশন জানিয়েছে, মহারাষ্ট্রের ৭৩১টি জেলা পরিষদের আসনের মধ্যে ৫৫২টি গিয়েছে মহাজুটির দখলে। আর হাজারের বেশি পঞ্চায়েত সমিতিতে জয় পেয়েছে তারা। হতাশ করেছে বিরোধী জোট মহাবিকাশ অঘাঢ়ী।
৫৫২ জয়ী জেলা পরিষদের আসনের মধ্যে বিজেপি একাই জিতেছে ২২৫টি। প্রয়াত অজিত পওয়ারের এনসিপি ১৬৫টি এবং শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী) ১৬২টি আসন নিজেদের দখলে রেখেছে। অন্য দিকে, কংগ্রেস পেয়েছে ৫৫টি আসন। এনসিপি (শরদ পওয়ার) ও শিবসেনা (উদ্ধব ঠাকরে) দখলে যথাক্রমে ২৬টি ও ৪৩টি আসন। আর রাজ ঠাকরের দল এমএনএস লাতুর এবং রত্নগিরির জেলা পরিষদে একটি করে আসন জিতেছে। ২০টি জিতেছেন নির্দল প্রার্থীরা।
আরও পড়ুন:
মহারাষ্ট্রের ১২৫টি পঞ্চায়েত সমিতির ১,৪৬২ আসনের বিজেপি জিতেছে ৪৫৯টি। শিন্ডেসেনা এবং এনসিপি (অজিত গোষ্ঠী) জিতেছে যথাক্রমে ৩০২ এবং ৩০৬টি আসন। আর কংগ্রেস জিতেছে ৯৭টি আসনে। শিবসেনা (ঠাকরে গোষ্ঠী) এবং এনসিপি (শরদ গোষ্ঠী) যথাক্রমে ৮৯ এবং ৪৬টি আসনে জয় পেয়েছে। পঞ্চায়েত সমিতিতেও রাজের দল জিতেছে মাত্র দু’টি আসন। নির্দল প্রার্থীরা জয় পেয়েছেন ৩১ আসনে।
সোমবার সকাল ১০টা থেকে গণনা শুরু হয়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রাত ১০টার পরেও খারাড় পঞ্চায়েত সমিতির ২৪ আসনে গণনার ফলাফল আসা বাকি। তাই জেতা আসনের সংখ্যায় কিছু হেরফের হবে।
এই জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই জয়ের জন্য মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। এক্স পোস্টে তিনি লেখেন, ‘‘আবার বিজেপি এবং মহাজুটিকে আশীর্বাদ করেছে মহারাষ্ট্র। পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনের জয়ের ধারা বজায় রইল জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির ভোটেও।’’ উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রের পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিল বিজেপি নেতৃত্বাধীন জোট মহাজুটি।