রাতে খেতে বসে উচ্ছের তরকারি পাননি যুবক। সেটি না পেয়েই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। কেন উচ্ছের তরকারি করেননি, মাকে প্রশ্ন করতেই বচসা শুরু হয়ে যায়। অভিযোগ, তার পরই মাকে মাটিতে ফেলে মারধর করেন যুবক। পেটে, বুকে লাথি, ঘুষি মারেন। তার জেরে গুরুতর জখম হয়ে মৃত্যু হয় ৬৫ বছরের মহিলার।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চন্দ্রপুরের ডোঙ্গারগাঁও গ্রামে। অভিযুক্তের নাম জগদীশ পেটকুলে। তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কাজ থেকে ফিরে রাতে খেতে বসেছিলেন জগদীশ। মা সুমিত্রা তাঁকে খেতে দিলে জগদীশ জানতে চান, উচ্ছের তরকারি কোথায়? তখন সুমিত্রা জানান, নানা কাজের চাপে ওই তরকারি তিনি রান্না করতে পারেননি। এ কথা শোনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন জগদীশ। তার পরই মায়ের উপর হামলা চালান বলে অভিযোগ।
প্রতিবেশীরা জানিয়েছেন, নিত্য দিন মদ্যপান করে বাড়িতে ফিরতেন জগদীশ। তাঁর এই আচরণের জন্য স্ত্রী মাস দুয়েক আগে বাপের বাড়ি চলে যান। ঘটনার রাতে পড়শিরা চেঁচামেচি শুনে বেরিয়ে এসে দেখেন সুমিত্রাকে মারধর করছেন জগদীশ। তাঁকে থামানোর চেষ্টা করতে গেলে হুমকি দেন। স্থানীয়েরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে জগদীশকে গ্রেফতার করে। সুমিত্রাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।