তাঁর মৃত্যু হয়েছে। তাই তাঁর ‘আত্মা’র শান্তি কামনা করে হোয়াট্সঅ্যাপে স্ত্রীকে আগাম শোকবার্তা পাঠালেন স্বামী। সেই বার্তা পাঠানোর তিন পরেই স্ত্রীকে খুনের অভিযোগ উঠল মহারাষ্ট্রের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছেন অভিযুক্তের নাম বিজয় রাঠৌর। পারভানি জেলার সোনাপুর তান্ডা গ্রামের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার স্ত্রী বিদ্যাকে খুনের অভিযোগ উঠেছে বিজয়ের বিরুদ্ধে। বিদ্যাকে ধারালো অস্ত্র দিয়ে কোপান তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কে রয়েছে, সন্দেহ করতেন বিজয়। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় দিনই অশান্তি হত। পাঁচ দিন আগেও তাঁদের মধ্যে অশান্তি হয়। তার পরই বাপের বাড়িতে চলে যান বিদ্যা।
পুলিশ জানিয়েছে, গত সোমবার হোয়াট্সঅ্যাপে স্ত্রীকে একটি শোকবার্তা পাঠান বিজয়। স্ত্রী বিদ্যার ‘আত্মা’র শান্তি কামনা করে তাঁকে আগাম শোকবার্তা পাঠান বিজয়। তার পর বৃহস্পতিবার বিদ্যার বাপের বাড়িতে যান তিনি। সেখানেও দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ, তার পর বিজয় একটি ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কোপ মারেন বিদ্যাকে। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে বিজয়কে গ্রেফতার করেছে পুলিশ।