Advertisement
E-Paper

বৈরিতায় ইতি টানতে পানশালায় আমন্ত্রণ! যুবককে কুপিয়ে খুন দু’জনের

ঘটনার কয়েক ঘণ্টা পরেই বিকাশ এবং তাঁর সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন)-এর ধারায় মামলা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ২০:০৯
image of police

ছবি: প্রতিনিধিত্বমূলক।

শত্রুতায় ইতি টানবেন বলে ডেকে পাঠিয়েছিলেন! পানাহার করানোর কথাও বলেছিলেন! আর এ সব বলেই ২২ বছরের এক যুবককে ডেকে পাঠিয়ে খুন করার অভিযোগ উঠল দু’জনের বিরুদ্ধে। গত সপ্তাহে দিল্লির ঘটনা। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও তার সত্যতা আনন্দবাজার যাচাই করেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আশিস। তাঁর বাবা জানিয়েছেন, অভিযুক্ত বিকাশ এবং অংশুর সঙ্গে দীর্ঘ দিন ধরেই বৈরিতা ছিল আশিসের। গত ২৪ জুন ওই দু’জন তাঁদের বাড়িতে এসেছিলেন। তাঁরা এসে জানান, আশিসের সঙ্গে বচসায় ইতি টানতে চান। তাঁকে একটি পানশালায় আমন্ত্রণও জানানো হয়। আশিসকে মদ্যপান করানোর ইচ্ছা প্রকাশ করেন তাঁরা।

আশিসের বাবা জানিয়েছেন, ওই দু’জনের এমন কথায় সন্দেহ হয়েছিল তাঁর। তাই তিন জনের পিছু নিয়েছিলেন। প্রায় আধ ঘণ্টা ধরে তাঁরা রাস্তায় ঘুরেছিলেন। পথে তিন জনের বচসা শুরু হয়। আশিসের বাবার অভিযোগ, বচসার মাঝেই তাঁর ছেলেকে কুপিয়ে খুন করেন দু’জন। তিনি চিৎকার করলে অভিযুক্তেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এর পর জখম আশিসকে তিনি দিল্লির এমসে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন আশিসের মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশ। ওই সন্ধ্যায় এক বন্ধুর বাড়ি থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দিল্লি পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) মনোজ সি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় অভিযুক্তেরা খুনের কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, ঘটনার আগের দিন খুনের পরিকল্পনা করা হয়েছিল।

গত ২৮ মে উত্তর পশ্চিম দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় ১৬ বছরের কিশোরীকে রাস্তায় কুপিয়ে খুন করে এক যুবক। কিশোরীর শরীরে ৩৪টি ক্ষতচিহ্ন মিলেছে। তার মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। রাস্তায় সকলের সামনে এ সব ঘটলেও কেউ এগিয়ে এসে কিশোরীকে বাঁচানোর চেষ্টা করেননি। পরে অভিযুক্ত যুবককে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি তদন্তে জানা গিয়েছে, কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল যুবকের। প্রায়ই ঝামেলা হত। প্রতিশোধ নিতেই তাঁকে কুপিয়ে খুন করে যুবক বলে অভিযোগ।

Stab to Death Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy