Advertisement
E-Paper

জম্মু-কাশ্মীরে চলছে ‘অপারেশন আরাহামা’! সেনার সঙ্গে রাতভর গুলির লড়াই, নিহত এক জঙ্গি, বাকিদের খোঁজে তল্লাশি জারি

পুলিশ সূত্রে খবর, রাতেই পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু হয়। বাহনী যখন অভিযান চালাচ্ছিল সেই সময় একটি বাড়ি থেকে লুকিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১০:২৭
জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। ছবি: পিটিআই।

জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। ছবি: পিটিআই।

জম্মু-কাশ্মীরের গান্ডেরবালে ‘আরাহামা’ অভিযান চালাচ্ছে সেনা এবং পুলিশ এবং সিআরপিএফ। মঙ্গলবার রাত থেকেই জঙ্গিদমন অভিযান শুরু হয়েছে ওই জেলায়। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে আরাহামা এলাকায় কয়েক জন জঙ্গি আশ্রয় নিয়েছে। তার পরই অভিযানে নামে সেনা এবং পুলিশ এবং সিআরপিএফ।

পুলিশ সূত্রে খবর, রাতেই পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু হয়। বাহনী যখন অভিযান চালাচ্ছিল সেই সময় একটি বাড়ি থেকে লুকিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তারা সংখ্যায় কত জন ছিল তা স্পষ্ট হয়নি। রাতভর গুলির লড়াই চলে। শ্রীনগরে সেনার চিনার কোর জানিয়েছে, পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান চালানো হয়। সংঘর্ষের সময় এক জঙ্গির মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার দেহ উদ্ধার হয়েছে।

সন্দেহ করা হচ্ছে, আরও কয়েক জন জঙ্গি ছিল। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তারা পালিয়েছে। কিন্তু তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা। বুধবার সকালেও জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। সেনা সূত্রে খবর, জঙ্গিদের ধরতে অতিরিক্ত বাহিনী এসে পৌঁছেছে। যত ক্ষণ না জঙ্গিদের খুঁজে বার করে ধরা হবে, তত ক্ষণ এই অভিযান জারি থাকবে। আশপাশের এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগেই উরিতে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে এক পাক জঙ্গি নিহত হয়েছিল। বুচার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় সেনার বাধার মুখে পড়ে। দু’পক্ষের গুলির লড়াইয়ে পাক জঙ্গির মৃত্যু হয়।

Jammu and Kashmir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy