E-Paper

অনুপস্থিতি, ক্রস ভোটিংয়ে লাভ গেরুয়া শিবিরের

বিহারের পাঁচটি, ওড়িশার চারটি ও হরিয়ানায় দু’টি—এই মোট ১১টি আসনে শেষ পর্যন্ত লড়াই হয়। বিহারের পাঁচটি আসনে জিততে পেরেছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৯:২১
সংসদে নরেন্দ্র মোদী।

সংসদে নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

দশটি রাজ্যের ৩৭টি আসনে রাজ্যসভার নির্বাচন ছিল আজ। এর মধ্যে নির্দিষ্ট আসনের চেয়ে এক জন করে বেশি প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় বিহার, ওড়িশা ও হরিয়ানায় শেষ পর্যন্ত ভোট হয়। বিহার ও ওড়িশায় নিজেদের প্রার্থীকে জেতাতে পেরেছে বিজেপি। যদিও কারচুপির অভিযোগ ওঠায় হরিয়ানায় নতুন করে গণনা শুরু হয়েছে রাতে। আজকের জয়ের পরে বিহার থেকে রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনেরা। বিরোধীদের অভিযোগ, ক্রস ভোটিং এবং অন্য দলের বিধায়ক কিনে ঘুরপথে রাজ্যসভায় শক্তি বাড়িয়ে নিলেন নরেন্দ্র মোদী,অমিত শাহেরা।

বিহারের পাঁচটি, ওড়িশার চারটি ও হরিয়ানায় দু’টি—এই মোট ১১টি আসনে শেষ পর্যন্ত লড়াই হয়। বিহারের পাঁচটি আসনে জিততে পেরেছে বিজেপি। ওড়িশায় চারটির মধ্যে নিজেদের দুই দলীয় প্রার্থী ছাড়াও একজন নির্দল প্রার্থীকে জিতিয়ে আনতে পেরেছে বিজেপি। একটি আসন পেয়েছে বিরোধী দল বিজেডি।

হরিয়ানায় বিজেপি একটি আসন জিতেছে। দ্বিতীয় আসনটি নিয়ে কংগ্রেস ও বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর মধ্যে লড়াই জারি রয়েছে। ওই রাজ্যে কারচুপির অভিযোগে মাঝে দীর্ঘ সময় গণনা বন্ধ থাকে। কংগ্রেস ওই রাজ্যে পুনর্গণনার দাবি তুলেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে হরিয়ানার নির্বাচনে বাইরের শক্তির হস্তক্ষেপের অভিযোগ তুলে সরব হন। কংগ্রেসের বিধায়কের ভোট বাতিল করে দেওয়ার চক্রান্ত চলেছে বলেও অভিযোগ করেন তিনি। আজ রাত সাড়ে আটটা নাগাদ নির্বাচন কমিশনে যায় এআইইসিসি–র প্রতিনিধি দল।

বিহার থেকে পাঁচটি আসনেই দলীয় প্রার্থীদের জিতিয়ে আনা বড় চ্যালেঞ্জ ছিল এনডিএ-র কাছে। বিহারে এনডিএ জোটের পঞ্চম প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল তেজস্বী যাদবের দল আরজেডি। ভোটাভুটিতে প্রধান বিরোধী দল আরজেডির এক জন, কংগ্রেসের তিন জন বিধায়ক অনুপস্থিত ছিলেন। ফলে হেরে যান মহাজোটের প্রার্থী। আরজেডির বক্তব্য, ওই চার বিধায়ককে সারা দিন ফোন করে জবাব পাওয়া যায়নি। তেজস্বী বলেন, ‘‘আমাদের সংখ্যা কম থাকলেও লড়াই থেকে পিছিয়ে আসিনি। অন্য দিকে, বিজেপি দল ভাঙিয়ে জিততে চেয়েছে। এটাই বিজেপির চরিত্র।’’

ওড়িশাতেও চারটি আসনের দুটিতে বিজেপি, একটিতে বিজেডি প্রার্থীর জয় নিশ্চিত ছিল। চতুর্থ আসনে বিজেপি সর্মথিত নির্দল প্রার্থীর সঙ্গে মূলত লড়াই ছিল কংগ্রেস ও বিজেডি সমর্থিত প্রার্থীর মধ্যে। আজ দিনের শেষে চতুর্থ আসনে জয়ী হন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়। পরাজয়ের পিছনে দলের তিন বিধায়কের ক্রস ভোটিং-কে দুষেছেন প্রদেশ কংগ্রেস সভাপতিভক্তচরণ দাস। তিনি বলেন, ‘‘কংগ্রেসের তিন বিধায়ক বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট দেন। ওই তিন জনকে দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। অন্য দিকে বিজেডি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক অভিযোগ করেন, রিটার্নিং অফিসার বিজেপিকে জেতানোর লক্ষ্য নিয়ে বসেছিলেন। নবীনের অভিযোগ, ‘‘বিজেপি বিধায়ক উপাসনা মহাপাত্র ভোটের কাগজ ভুল ভাবে ভরলে, তাঁর ভোট বাতিল না করে ফের তাঁকে ভোটের পর্চা দেওয়া হয়।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Narendra Modi Amit Shah

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy