Advertisement
E-Paper

‘দ্বিচারিতা নয়’! পাকিস্তানে বিস্ফোরণ নিয়ে বিতর্কের মধ্যেই সন্ত্রাসবাদ প্রসঙ্গে মুখ খুললেন মোদী, মালয়েশিয়া থেকে বার্তা

শনিবারই মালয়েশিয়ায় পৌঁছেছেন মোদী। সেখান থেকেই সন্ত্রাসবাদ প্রসঙ্গে মুখ খুলেছেন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বয়ং।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৩
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের (ডান দিকে) সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের (ডান দিকে) সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

মালয়েশিয়ায় গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও এক বার এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি। জানিয়েছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের অবস্থান শুরু থেকেই খুব স্পষ্ট। এ বিষয়ে কোনও আপস করা হয় না।

শনিবারই মালয়েশিয়ায় পৌঁছেছেন মোদী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন স্বয়ং সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রবিবার সকালে সেখান থেকে ভারত-মালয়েশিয়া পারস্পরিক সমঝোতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বার্তা দেন মোদী। তখনই সন্ত্রাসবাদের প্রসঙ্গ ওঠে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘‘সন্ত্রাসবাদ নিয়ে আমাদের বার্তা খুব স্পষ্ট। কোনও দ্বিচারিতা নয়। কোনও আপস নয়।’’

সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে। তাতে মৃত্যু হয়েছে অন্তত ৩৬ জনের। ওই ঘটনার দায় ভারতের দিকে ঠেলেছে পাকিস্তান। দাবি করেছে, আফগান তালিবানের সঙ্গে হাত মিলিয়ে ইসলামাবাদে হামলার চক্রান্ত করেছে ভারত। এমনকি, এই হামলার জন্য নয়াদিল্লি অর্থও জুগিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি। বক্তব্যের সপক্ষে পাকিস্তান কোনও প্রমাণ দেখাতে পারেনি। ভারতের বিদেশ মন্ত্রক প্রথমেই এই ধরনের দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। তবে বিতর্ক থামেনি। তার মধ্যেই মালয়েশিয়া থেকে সন্ত্রাসবাদ নিয়ে মোদীর বার্তা জল্পনা তৈরি করেছে। মোদী কারও নাম না করলেও অনেকে মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে পাকিস্তানকেই বার্তা দিতে চাইলেন তিনি।

মালয়েশিয়ার সঙ্গে বিশেষ সম্পর্ক এবং বোঝাপড়ার কথা বলেছেন মোদী। প্রতিরক্ষা, নিরাপত্তা এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। মোদী বলেন, ‘‘ভারত এবং মালয়েশিয়ার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। আমরা সামুদ্রিক প্রতিবেশী। শত শত বছর ধরে আমাদের লোকজনের মধ্যে গভীর, সৌহার্দ্যপূর্ণ বন্ধন রয়েছে। এখন ভারতীয় বংশোদ্ভূতদের ঠিকানা হিসাবে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম দেশ মালয়েশিয়া। সভ্যতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের এক করে রেখেছে।’’ সন্ত্রাসবাদ বিরোধিতা, গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ভারত এবং মালয়েশিয়ার যোগাযোগ আরও বৃদ্ধির বার্তা দিয়েছেন মোদী।

আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্ব দিন দিন বাড়ছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই অঞ্চলের উন্নয়নের জন্য সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে ভারত আগ্রহী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও বাণিজ্য, বিনিয়োগ, এবং প্রতিরক্ষায় ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা বলেছেন।

Malaysia Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy