লাল কেল্লার নেতাজি সংগ্রহশালা থেকে সুভাষচন্দ্রের টুপি উধাও হয়েছে বলে দাবি করেছিলেন তাঁর নাতি চন্দ্রকুমার বসু। আজ পুরাতত্ত্ব সর্বেক্ষণের তরফে জানানো হয়েছে, টুপিটি নিরাপদেই রয়েছে। সম্প্রতি একটি প্রদর্শনীর জন্য সেটি নিয়ে যাওয়া হয়েছিল পোর্ট ব্লেয়ারে। কিন্তু নেতাজির আসল টুপিই লাল কেল্লার সংগ্রহশালায় ফেরত এসেছে কি না, সেই প্রশ্ন তুলেছেন চন্দ্রকুমার।
পুরাতত্ত্ব সর্বেক্ষণের দাবি, পরাক্রম দিবসের অনুষ্ঠানে প্রদর্শনের জন্য নেতাজির টুপিটি পোর্ট ব্লেয়ারে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে লাল কেল্লায় যে বাক্সে সেটি থাকে, সেটি ১৯ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ফাঁকা ছিল। টুপিটি ফিরিয়ে এনে ফের লাল কেল্লার সংগ্রহশালায় সংশ্লিষ্ট বাক্সে রাখা হয়। কিন্তু বাক্সের তালায় সমস্যা হওয়ায় সেটি ফের সরানো হয়। তালা সারিয়ে ফের টুপিটি বাক্সে রাখা হয়েছে।
দ্রুত নেতাজির টুপিটি ফেরানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রকুমার বসু। কিন্তু তাঁর বক্তব্য, “নেতাজি গবেষক ও যাঁরা নেতাজির টুপিটি আগে দেখেছেন, তাঁদের মতে এটি আসল টুপি নয়। এ নিয়ে তদন্তের প্রয়োজন।”
চন্দ্রকুমারের বক্তব্য, “এই টুপিটি ৩০ বছর আমার সংগ্রহে ছিল। আমিই সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিই। মোদী সরকার নেতাজিকে সম্মান জানানোর জন্য নানা পদক্ষেপ করেছে। কিন্তু তাঁর স্মৃতিবিজড়িত টুপিটি বার বার লাল কেল্লার সংগ্রহশালা থেকে সরানো হচ্ছে কেন? তা নিয়ে লিখিত ভাবেও কিছু জানানো হয়নি। তা ছাড়া নেতাজি গবেষকদের অনেকেই আমাকে জানিয়েছেন, আমি যে টুপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছিলাম এটি সেই টুপি নয়।”
২০২১ সালেও নেতাজির টুপিটি লাল কেল্লার সংগ্রহশালা থেকে সরানো হয়েছিল। পরে পুরাতত্ত্ব সর্বেক্ষণ জানায়, সেটি ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রদর্শনের জন্য সাময়িক ভাবে কলকাতায় পাঠানো হয়েছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)