‘দেখো দেখো কউন আয়া, এপস্টিন কা দোস্ত আয়া’।
পশ্চিম এশিয়ার সঙ্কটের ফলে দেশের তেল ও গ্যাস পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে লোকসভায় আসা পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরীকে এ ভাবেই স্বাগত জানাল বিরোধী শিবির। পুরীকে নিশানা করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বললেন, ‘‘এখানে যে ভদ্রলোক বসে রয়েছেন, যিনি দেশের তেলমন্ত্রী, তিনি নিজেই বলেছেন, তিনি এপস্টিনের বন্ধু।’’
যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত আমেরিকার ধনকুবের জেফ্রি এপস্টিনের ফাইলে হরদীপ পুরীর নাম রয়েছে। এ নিয়ে বিরোধীদের অভিযোগের জবাবে পুরী নিজে বলেছেন, তিনি কাজের সূত্রে এপস্টিনের সঙ্গে তিন-চার বার দেখা করেছিলেন। আজ তাঁর সেই কথাকেই অস্ত্র করেছেন রাহুল। একই সঙ্গে অভিযোগ করেন, হরদীপ-কন্যা জর্জ সোরোসের থেকে টাকা পেয়েছেন।
এত দিন বিজেপির দাবি ছিল, রাহুল ধনকুবের জর্জ সোরোসের টাকায় ভারতে অশান্তি তৈরির চেষ্টা করছেন। আজ রাহুল পুরী-কন্যার বিরুদ্ধে সোরোসের থেকে টাকা নেওয়ার অভিযোগ তোলার পরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ফের বলেন, রাহুল সোরোসের টাকাতেই ভারত জোড়ো যাত্রা করেছিলেন। সংসদের নথি থেকে পুরী-কন্যার বিরুদ্ধে রাহুলের মন্তব্য মুছে দেওয়া হয়। রাহুল সংসদের বাইরে জানান, তাঁর হাতে সমস্ত প্রমাণ রয়েছে। তিনি এ নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন।
রাহুল আজ তেল-গ্যাসের সঙ্কট নিয়ে প্রশ্ন তোলার জন্য লোকসভায় নোটিস দেন। ঠিক হয়, রাহুল বলার পরে তেলমন্ত্রী এ নিয়ে বিবৃতি দেবেন। রাহুল বলেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধের বিরাট প্রভাব পড়বে। যন্ত্রণা সবে শুরু হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ‘‘আমরা কার থেকে তেল কিনব, সেই সিদ্ধান্ত কেন আমেরিকাকে নিতে দেওয়া হল? ভারতের মতো দেশ কেন অন্য দেশ থেকে অনুমতি নেবে? এই হেঁয়ালির উত্তর খুঁজতে গিয়ে সমাধান মিলেছে। তা হল প্রধানমন্ত্রী আপস করে ফেলেছেন।’’ এর পরে পুরীর বিরুদ্ধে অভিযোগ তুলতেই স্পিকার ওম বিড়লা রাহুলকে থামিয়ে দেন। তিনি কেন নোটিসের বাইরে অন্য বিষয় তুলছেন, তা নিয়ে আপত্তি তোলেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক অনুষ্ঠানে বলেন, ‘‘কিছু লোক এলপিজি নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছেন। আমি তাঁদের সম্পর্কে রাজনৈতিক ভাবে মন্তব্য করতে চাই না। কিন্তু বলব, তাঁরা দেশের ক্ষতি করছেন।’’ মোদী বলেন, এই সঙ্কট কোভিডের মতোই ভারত কাটিয়ে উঠবে। যুদ্ধের প্রভাব সব দেশেই পড়েছে। সরকার সঙ্কটের মোকাবিলায় কোনও কসুর রাখছে না।’’ রাহুল বলেন, ‘‘প্রধানমন্ত্রী দেশবাসীকে বলছেন, আতঙ্কের কারণ নেই। আসলে তিনি নিজেই আতঙ্কিত। আদানি মামলা, এপস্টিন ফাইল নিয়ে আতঙ্কিত। তাই সংসদে আসছেন না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)