‘আপনারা স্বপ্নের দুনিয়ায় বাস করছেন।’
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে জয়ের বিষয়ে নিশ্চিত তৃণমূলের নেতানেত্রীদের তিনি ভোটের আগে এ ভাবেই সতর্ক করেছিলেন বলে দাবি করলেন রাহুল গান্ধী। গত সোমবার বিজেপি-বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’-র বৈঠকে রাহুল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই এ কথা বলেছেন। সেই বৈঠকে রাহুলের বক্তৃতা কংগ্রেস আজ প্রকাশ্যে এনেছে। রাহুল সেখানে বলেছেন, “তৃণমূলে আমার অনেক বন্ধু রয়েছেন। ওঁরা নিশ্চিত ছিলেন যে নির্বাচনে নিরঙ্কুশ ভাবে জিতবেন। আমি ওঁদের বার বার বলেছিলাম, আপনারা স্বপ্নের দুনিয়ায় বাস করছেন। আমি দেখেছি, কী হয়। আমি গুজরাতে দেখেছি, মধ্যপ্রদেশে দেখেছি। ছত্তীসগঢ়, হরিয়ানা, মহারাষ্ট্রে দেখেছি। তার পরেও আপনারা এখনও বিশ্বাস করছেন না।”
অন্য বিরোধী দলগুলি কী বিশ্বাস করতে পারছে না বলে রাহুলের মত?
রাহুল নির্বাচন কমিশনের ভূমিকা, ভোট চুরির উদাহরণ তুলে ধরেছেন। বৈঠকে তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি এখনও মনে করছে, এত দিন তারা যে সব রাজনৈতিক অস্ত্র নিয়ে চলেছে, তা এখনও কাজ করবে। কিন্তু তা তখনই কাজ করবে, যখন রাষ্ট্রব্যবস্থা দু’পক্ষকে সমান ভাবে লড়াইয়ের জমি দেবে। কিন্তু সেই জমি আর নেই। বিজেপি এখন আইনি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করছে। নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে। রাহুলের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ১০০% নিশ্চিত নন যে, তাঁর থেকে নির্বাচন চুরি করে নেওয়া হয়েছে। তিনি ৯০% নিশ্চিত। উদ্ধব ঠাকরে ৪০% নিশ্চিত যে ভোট চুরি হয়। তেজস্বী যাদব ৪০% নিশ্চিত। শুনে নিন, ১০০% ভোট চুরি হয়। এ নিয়ে মনে আর সংশয় রাখবেন না।”
‘ইন্ডিয়া’-র ওই বৈঠকে প্রায় সব বিরোধী দলই বিরোধী ঐক্য মজবুতের ক্ষেত্রে কংগ্রেসের ব্যর্থতার অভিযোগ তোলে। অখিলেশ যাদব থেকে উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদব থেকে বামেদের অভিযোগ ছিল, কংগ্রেস বিরোধী শিবিরের মধ্যে সমন্বয়ের কাজ ঠিক মতো করে না। তেজস্বী বলেন, লোকসভা ভোটের আগে নীতীশ কুমার বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’ ছেড়ে না গেলে ফল অন্য রকম হত।
বিরোধী দলগুলির বৈঠকে রাহুল বার্তা দেন, কংগ্রেসের ভূমিকা হবে ভালবাসা দিয়ে সবাইকে এক করা। অন্য বিরোধী দলগুলির অভিযোগ নিয়ে রাহুল বলেন, তিনি শিবের মতো নীলকণ্ঠ হয়ে সব গরল ধারণ করতে তৈরি। কংগ্রেস সমস্ত সমালোচনা মেনে নিচ্ছে। শুধু নীতীশের ‘ইন্ডিয়া’ মঞ্চ ত্যাগ নিয়ে রাহুল বলেন, “নীতীশ কেন জোট ছেড়েছিলেন, সেই প্রশ্ন করা হচ্ছে— আমার জন্য তা হয়নি। কংগ্রেসের জন্য হয়নি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)