Advertisement
E-Paper

অতিরিক্ত টাকা না-দিয়েই এ বার বিমানের ৬০ শতাংশ আসন পছন্দ করতে পারবেন যাত্রীরা, নির্দেশিকা কেন্দ্রের

যাত্রীরা নিজেদের পছন্দের আসন জানানোর পর বহু বিমানসংস্থাই অতিরিক্ত টাকা নিত। বিমানের টিকিট কাটার পর বা ওয়েব চেক-ইনের সময় এই অতিরিক্ত টাকা নেওয়া হত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১০:৪৩

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিমানযাত্রীদের জন্য সুখবর শোনাল কেন্দ্র। বুধবার একটি নির্দেশিকায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়ে দিল যে, বিমানের অন্তত ৬০ শতাংশ আসন অতিরিক্ত টাকা না-দিয়েই পছন্দ করতে পারবেন যাত্রীরা। ওই আসনগুলি পছন্দ করার জন্য বিমানভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নিতে পারবে না বিমানসংস্থাগুলি।

যাত্রীরা নিজেদের পছন্দের আসন জানানোর পর বহু বিমানসংস্থাই অতিরিক্ত টাকা নিত। বিমানের টিকিট কাটার পর বা ওয়েব চেক-ইনের সময় এই অতিরিক্ত টাকা নেওয়া হত। কিন্তু কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, বিমানের অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীরা অতিরিক্ত টাকা না-দিয়েই পছন্দ করতে পারবেন।

বিমান মন্ত্রকের নির্দেশিকায় এ-ও বলা হয়েছে যে, একই পিএনআর নম্বরে টিকিট কাটা হলে যাত্রীদের আসন পাশাপাশি রাখতে হবে। সে ক্ষেত্রে পরিবার বা বন্ধুদের সঙ্গে কেউ বিমানে সফর করলে পাশাপাশি বসে গন্তব্যে যেতে পারবেন। অনেক ক্ষেত্রেই পাশাপাশি আসন পাওয়ার জন্য যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হত। একই পিএনআর নম্বর থাকলে এ বার আর ঝক্কি থাকছে না।

বহু যাত্রী বিমানে গান-বাজনা এবং খেলাধুলার সরঞ্জাম নিয়ে যান। সেগুলি যথাযথ ভাবে নিয়ে যাওয়ার জন্যও বিমানসংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। বিমানে পোষ্যদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিমানসংস্থাগুলি কী ভাবছে, তা জানাতে বলা হয়েছে। তা ছাড়া, বিমান ছাড়তে দেরি করলে, কোনও কারণে বাতিল হলে যাত্রীদের করণীয় কী, তা বিমানসংস্থাগুলিতে তাদের ওয়েবসাইটে, মোবাইল অ্যাপে এবং বিমানবন্দরের কাউন্টারে স্পষ্ট ভাবে উল্লেখ করতে বলা হয়েছে। কোনও ঘোষণা বা বিজ্ঞপ্তির ক্ষেত্রে যাত্রীদের আঞ্চলিক ভাষার উল্লেখ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

ভারতে বিমানযাত্রীর সংখ্যা ক্রমশ বাড়়ছে। উড়ান পরিষেবা এবং যাত্রীসংখ্যার নিরিখে ভারত এখন বিশ্বে তৃতীয়। কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, বিমান পরিষেবায় যাত্রীস্বাচ্ছন্দ্য এবং যাত্রীদের অধিকারের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে।

Ministry of Civil Aviation Civil Aviation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy