E-Paper

উপনির্বাচনে বিজেপির ৪, কংগ্রেসের ২

মহারাষ্ট্রের বারামতী বিধানসভা আসনটি শূন্য হয়েছিল বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুতে। সেই আসনে প্রার্থী হন ইতিমধ্যেই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া অজিত-পত্নী সুনেত্রা পওয়ার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ০৯:৪০

— প্রতীকী চিত্র।

পাঁচ রাজ্যের সাতটি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলও ঘোষিত হল আজ। চারটি আসনে জিতল বিজেপি, দু’টিতে কংগ্রেস, একটিতে অজিত পওয়ারের এনসিপি।

মহারাষ্ট্রের বারামতী বিধানসভা আসনটি শূন্য হয়েছিল বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুতে। সেই আসনে প্রার্থী হন ইতিমধ্যেই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া অজিত-পত্নী সুনেত্রা পওয়ার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে একযোগে কংগ্রেসকে অনুরোধ করেছিলেন সুনেত্রার বিরুদ্ধে প্রার্থী না দিতে। কংগ্রেস প্রার্থী প্রত্যাহার করায় কার্যত ফাঁকা মাঠে সুনেত্রা জিতেছেন দু’লক্ষেরও বেশি ভোটে। বিজেপি বিধায়ক শিবাজীরাও কর্ডিলের মৃত্যুতে মহারাষ্ট্রের রাহুরী বিধানসভা আসনটি শূন্য হয়েছিল। সেই আসনেই লক্ষাধিক ভোটে জিতেছেন শিবাজীরাওয়ের পুত্র অক্ষয় শিবাজীরাও কর্ডিলে।

ত্রিপুরার ধর্মনগর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রায় ১৮,০০০ ভোটে জিতেছেন বিজেপির প্রার্থী জহর চক্রবর্তী। বিজেপি বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার প্রাক্তন স্পিকার বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে ওই আসনে উপনির্বাচন হয়েছিল। গুজরাতের উমরেথ বিধানসভা আসনে উপনির্বাচন হয় বিজেপি বিধায়ক গোবিন্দভাই পারমারের মৃত্যুতে। সেই আসনে গোবিন্দভাইয়ের পুত্র হর্ষদভাই গোবিন্দভাই পারমার জিতেছেন ৩০ হাজারেরও বেশি ভোটে। কর্নাটকের বাগলকোটের বিধায়ক এইচওয়াই মেটির মৃত্যুতে তাঁর ছেলে উমেশ মেটিকে উপনির্বাচনে প্রার্থী করে কংগ্রেস। ২১,৮৬৬ ভোটে জিতে বাবার আসন ধরে রেখেছেন উমেশ। ওই রাজ্যের দাভনগিরি দক্ষিণ বিধানসভা আসনটি পরপর চার বার জিতেছিলেন কংগ্রেসের শামনুর শিবশঙ্করাপ্পা। তাঁর প্রয়াণে শূন্য আসনে ৫৭০০-র বেশি ভোটে জিতলেন শামনুরের নাতি সমর্থ মল্লিকার্জুন। নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির দাওচিয়ের আই. ইমচেন ৩১২৩ ভোটে জিতেছেন। তাঁর বাবা, বিজেপি বিধায়ক ইমকং এল. ইমচেনের মৃত্যুতে উপনির্বাচন হল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

By-Election BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy