দু’সপ্তাহের ব্যবধানে ফের অসুস্থ হয়ে পড়লেন মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শরদ পওয়ারকে। গত ৯ ফেব্রুয়ারি গলায় সংক্রমণের কারণে তাঁকে পুণের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পর তাঁকে ছুটি দেওয়া হয়। কিন্তু শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। শরদকে রবিবার ওই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, ৮৫ বছর বয়সি শরদের শরীরে জলাভাব (ডিহাইড্রেশন) দেখা দিয়েছে। অন্তত দু’দিন হাসপাতালে ভর্তি রেখে তাঁর চিকিৎসা প্রয়োজন। হাসপাতালের প্রধান কার্ডিয়োলজিস্ট এবং ম্যানেজিং ট্রাস্টি চিকিৎসক পারভেজ় গ্রান্ট একটি বিবৃতিতে বলেন, ‘‘সামান্য জলশূন্যতার জন্য শরদ পওয়ারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিরার মাধ্যমে তাঁর শরীরে তরল প্রবেশ করানো প্রয়োজন। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। আগামী দু’দিন তিনি হাসপাতালে থাকবেন। আশা করছি, তার পর বাড়ি ফিরতে পারবেন।’’
আরও পড়ুন:
শরদের চিকিৎসার দায়িত্বে পারভেজ় ছাড়াও রয়েছেন চিকিৎসক অভিজিৎ লোধা। বর্ষীয়ান নেতাকে তাঁরা পর্যবেক্ষণে রেখেছেন।
এর আগে চলতি মাসের শুরুতে কাশি, গলা ব্যথা এবং বুকে চাপ অনুভব করায় শরদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বারামতীর বাড়িতে সারা রাত কাশি হয়েছিল তাঁর। পরে গলায় সংক্রমণ ধরা পড়ে। বয়সজনিত কারণেই তাঁর চিকিৎসায় বাড়তি সতর্ক ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। ১৪ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।
নব্বইয়ের দশকে শরদ ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর মুখে ক্যানসারের সংক্রমণ ধরা পড়েছিল। আমেরিকা এবং ভারতে একাধিক অস্ত্রোপচারের পর তা সেরে গিয়েছে। নেতার দ্রুত আরোগ্য কামনা করছেন এনসিপি কর্মী-সমর্থকেরা। গত ২৮ জানুয়ারি বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শরদের ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। অজিতের মৃত্যুতে মুষড়ে পড়েছিলেন শরদ। মৃত্যু নিয়ে রাজনীতি না-করার বার্তাও দিয়েছিলেন।