পুরনো সংসদ ভবনের চারতলায় পাশাপাশি শিবসেনা (উদ্ধব ঠাকরে) ও একনাথ শিন্দের শিবসেনার সংসদীয় দলের দফতর। আজ বেলা ১১টায় শিবসেনা (উদ্ধব)-এর এই দফতরেই তাদের সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছিল। সকলের উপস্থিতি বাধ্যতামূলক জানিয়ে জারি হয়েছিল ‘হুইপ’। সেখানে দলের রাজ্যসভার একমাত্র সাংসদ সঞ্জয় রাউত ও লোকসভার তিন সাংসদ উপস্থিত হলেন। কিন্তু উদ্ধবের দল থেকে লোকসভার যে ছয় সাংসদ একনাথ শিন্দের শিবসেনায় যোগ দিতে চলেছেন বলে জল্পনা চলছিল, তাঁরা গরহাজির থাকলেন।
এই ঘটনায় আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেসের পরে এ বার আর এক বিরোধী দল শিবসেনা (উদ্ধব)-এ ভাঙন যে নিশ্চিত, তা স্পষ্ট হয়ে গেল। সূত্রের খবর, আগামিকাল শিবসেনার প্রতিষ্ঠা দিবসে শিবসেনা (উদ্ধব)-এর ছয় সাংসদ একনাথ শিন্দের শিবসেনা তথা এনডিএ শিবিরে যোগ দিতে পারেন। তৃণমূলে বিদ্রোহ ঘোষণার ঠিক আগে কাকলি ঘোষ দস্তিদারকে কেন্দ্রীয় সরকার ওয়াই-শ্রেণির নিরাপত্তা দিয়েছিল। এ ক্ষেত্রেও শিবসেনা (উদ্ধব)-এর ছয় সাংসদের জন্য ওয়াই-প্লাস নিরাপত্তাঘোষণা হয়েছে।
নাগেশ আশিতকর, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, সঞ্জয় দিনা পাটিল, ওমপ্রকাশ রাজেনিম্বলকর, ভাওসাহেব ওয়াকচুরে— এই ছয় সাংসদ ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন। সূত্রের খবর, তাঁরা স্পিকারকে জানিয়েছেন, উদ্ধবের শিবসেনা বাল ঠাকরের পুরনো মতাদর্শ ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। আগামী দিনে তারা কংগ্রেসে মিশে যাবে। তাই তাঁরা দল ছাড়তে চান। মহারাষ্ট্রের রাজনীতিকরা মনে করছেন, একনাথ শিন্দে বিরোধী শিবিরের উদ্ধবের দলে ভাঙন ধরানোর ‘অপারেশন টাইগার’-এ সফল হলে এনডিএ-র মধ্যে তাঁর প্রভাব বাড়বে। বর্তমানে মহারাষ্ট্রে বিজেপি জোটের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ও উপমুখ্যমন্ত্রী শিন্দের মধ্যে ক্ষমতার সমীকরণেও বদল আসতে পারে।
এই ছ’জন লোকসভার সাংসদ সংসদীয় দলের বৈঠকে না আসায় শিবসেনা (উদ্ধব)-এর নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, তাঁদের শো-কজ় নোটিস পাঠানো হবে। তার পরে তাঁদের সাংসদ পদ খারিজের জন্য আইনানুগ ব্যবস্থা হবে। রাউত বলেন, ‘‘উদ্ধব ঠাকরের সঙ্গে শরদ পওয়ারেরও কথা হয়েছে। বিশ্বাসঘাতক সাংসদদের লোকসভা কেন্দ্রে বিক্ষোভ দেখানো হবে।’’ রাউত আগেই দাবি করেছিলেন, ছ’জনকে ভাঙাতে মাথা-পিছু ৫০ কোটি টাকা দেওয়া হচ্ছে। আজ তিনি কটাক্ষ করে বলেছেন, ‘‘একনাথ শিন্দে এর পরে ডোনাল্ড ট্রাম্পকেও দলেটেনে নেবেন!’’
রাউতের দাবি, এই ছ’জনের মধ্যে ওমপ্রকাশ রাজেনিম্বলককে তাঁর বাবার খুনের মামলায় আদালতের থেকে সন্তোষজনক রায় পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কুড়ি বছর আগে ওমপ্রকাশের বাবা, কংগ্রেস নেতা পবন রাজেনিম্বলকর খুন হয়েছিলেন। সেই খুনের মামলার প্রধান অভিযুক্ত পদমসিংহ পাটিল সুনেত্রা পওয়ারের ভাই। প্রয়াত অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা একনাথ শিন্দের মতোই মহারাষ্ট্রের বিজেপির জোট সরকারের উপমুখ্যমন্ত্রী। শনিবার ওই মামলায় রায় ঘোষণা হওয়ার কথা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)