সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করতে গিয়ে ‘আপত্তিকর’ দেওয়াল-লিখনের অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে বডোদরার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে। বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস-এর ওই ছাত্ররা ইংরেজিতে মোদী লিখে তার মাঝে ‘ও’ লিখতে গিয়ে কালো স্প্রে রঙে স্বস্তিক চিহ্ন এঁকে দেন বলে পুলিশের অভিযোগ। এই ঘটনায় জড়িত আরও দুই ছাত্র পলাতক বলে জানিয়েছে পুলিশ। শহরে পুলিশের সদর দফতরের বাইরের দেওয়াল, ফতেগঞ্জ প্যাভিলিয়ন, কালা ঘোড়া সার্কল-এর মতো নানা জায়গায় ওই ধরনের লিখন খুঁজে পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। দেওয়ালে লেখা ছিল, ‘নো সিএবি মোদী’। পুলিশ মনে করছে, পড়ুয়াদের স্লোগানে ব্যবহৃত ওই প্রতীক ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। তা ছাড়া, ওই পড়ুয়ারা সরকারি সম্পত্তিও নষ্ট করেছেন।