E-Paper

বিয়ের আলাপেই যৌন সম্পর্ক নয়: সুপ্রিম কোর্ট

যুবকের জামিনের মামলার বিচার করতে গিয়ে আজ এই বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি উজ্জ্বল ভুঁইঞায় বেঞ্চ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিয়ের আগে শারীরিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত যুবক-যুবতীদের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মামলায় আজ এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।

বিবাহ সংক্রান্ত একটি ওয়েবসাইটের মাধ্যমে পরিচয়, ঘনিষ্ঠতা। তারপর দিল্লি ও দুবাইয়ে গিয়ে ভাবী স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার পর মেয়েটি জানতে পারে পুরুষটি আসলে বিবাহিত। বিয়ের স্বপ্ন ভেঙে তো যায়ই উল্টে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি রেকর্ড করে মেয়েটিকে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। পরে ওই যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করেন যুবতী।

যুবকের জামিনের মামলার বিচার করতে গিয়ে আজ এই বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি উজ্জ্বল ভুঁইঞায় বেঞ্চ। কী কারণে মেয়েটি দুবাই গিয়েছিল, সেই প্রশ্নও তুলেছে কোর্ট।

বিচারপতিরা বলেন, ‘‘সম্মতির মাধ্যমেই শারীরিক সম্পর্ক হয়েছে। আমরা হয়তো পুরনো ভাবনার মানুষ। কিন্তু বিয়ের আগে যুবক-যুবতী পরস্পরের অচেনা। ফলে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত তাঁদের।’’

এই প্রসঙ্গে বিচারপতি নাগরত্ন মন্তব্য করেন, ‘‘সম্পর্ক যা-ই হোক না কেন, কী ভাবে তাঁরা বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ান, সেটা আমরা বুঝতে পারছি না। হয়তো আমরা পুরনো ভাবনার মানুষ। তবে এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। বিয়ের আগে কাউকেই বিশ্বাস করা চলে না।’’

শারীরিক সম্পর্ক যে সম্মতির মাধ্যমে হয়েছে, তা শীর্ষ আদালতের সামনে এসেছে। বিচারপতি নাগরত্ন বলেন, ‘‘শারীরিক সম্পর্কের ব্যাপারে মেয়েটি এতটা কঠোর অবস্থান নিলে তাঁর (দুবাইয়ে) যাওয়া ঠিক হয়নি।’’ বিচারপতিদের মতে, সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়েছে। ফলে কাউকে দোষী সাব্যস্ত করার ব্যাপার নেই। আগামী বুধবার মামলারপরবর্তী শুনানি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Relationship Supreme Court of India

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy