Advertisement
E-Paper

ওড়ার পরই ইঞ্জিনে গোলযোগ, লেহ্‌গামী স্পাইসজেট উড়ানের জরুরি অবতরণ দিল্লিতে, ১৫০ যাত্রী ছিলেন বিমানে

জানা গিয়েছে, স্পাইসজেটের এসজি১২১ উড়ানটির লেহ্‌ যাওয়ার কথা ছিল। সকাল ৬.০৮ মিনিটে দিল্লি থেকে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। কিন্তু বিমানটি যখন মাঝ-আকাশে, হঠাৎই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে ইঞ্জিনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই ইঞ্জিনে গোলযোগ ধরা পড়ে। তড়িঘড়ি বিমানটির মুখ ঘুরিয়ে আবার দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসা হয়। অবতরণ করানো হয় জরুরি ভিত্তিতে। বিমানে ১৫০ জন যাত্রী ছিলেন।

জানা গিয়েছে, স্পাইসজেটের এসজি১২১ উড়ানটির লেহ্‌ যাওয়ার কথা ছিল। সকাল ৬.০৮ মিনিটে দিল্লি থেকে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। কিন্তু বিমানটি যখন মাঝ-আকাশে, হঠাৎই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে ইঞ্জিনে। বিষয়টি নজরে আসতেই দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলট। জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চাওয়া হয়।

বিমানবন্দর সূত্রে খবর, সকাল ৬টা ৪৯ মিনিটে স্পাইসজেটের উড়ানটি দিল্লিতে অবতরণ করে। স্পাইসজেটের মুখপাত্র বলেন, ‘‘দিল্লি থেকে লেহ্গামী একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পরই সেটিকে আবার দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপদে বিমানটি অবতরণ করেছে। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন। তাঁদের ওই বিমান থেকে নামানো হয়েছে।’’

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় দিল্লি থেকে ঝাড়খণ্ডের রাঁচী যাওয়ার পথে চাতরায় ‘রেডবার্ড এয়ারওয়েজ়’-এর মেডিক্যাল চার্টার্ড বিমান ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। ওড়ার পরে কলকাতা এটিসি-র সঙ্গে যোগাযোগ করে বিমানটি। আবহাওয়াজনিত কারণে যাত্রাপথ ঘুরিয়ে দেওয়ার অনুরোধও করে। এর পরে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে কলকাতা এটিসি-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। রেডার থেকেও হারিয়ে যায় ওই এয়ার অ্যাম্বুল্যান্স। উত্তরপ্রদেশের বারাণসী থেকে ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে শেষ বার বিমানটিকে দেখা গিয়েছিল রেডারে। কী ভাবে এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়।

Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy