দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ পেশ হবে কেন্দ্রীয় বাজেট। সকাল ১১টা থেকে বাজেট বক্তৃতা শুরু করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের দিন শেয়ার বাজার সকাল সওয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টে পর্যন্ত খোলা থাকবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোট-ভাবনার প্রতিফলন কি বাজেটে দেখা যাবে? পশ্চিমবঙ্গের জন্য থাকবে কি দরাজ ঘোষণা? বাজেট পেশের আগে তা নিয়ে কৌতূহল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে।
আজ দিল্লির উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে মমতা মুখোমুখি হবেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজে যে বাংলার শাসকদল তৃণমূল একেবারেই খুশি নয়, তা এর আগে পাঁচটি চিঠি লিখে কমিশনারকে বুঝিয়ে দিয়েছেন মমতা। সোমবার বিকেলে কমিশনে গিয়ে নিজে সে বিষয়ে প্রতিবাদ জানাবেন। সেই কারণেই এক দিন আগে তিনি দিল্লি যাচ্ছেন। তবে আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন হবে। দিল্লির কর্মসূচি শেষ করে কলকাতায় ফেরার কথা তাঁর।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি কার হাতে উঠবে, জানা যাবে আজ। ফাইনালে লড়াই নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ়ের। সেমিফাইনালে দু’জনেই পাঁচ সেটের লড়াইয়ে জিতেছেন। শীর্ষ বাছাই আলকারাজ় হারিয়েছেন তৃতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভকে। এই ম্যাচে পাঁচ সেটের মধ্যে তিনটিরই ফয়শালা হয়েছে টাই ব্রেকারে। চতুর্থ বাছাই জোকোভিচ হারিয়েছেন দ্বিতীয় বাছাই জানিক সিনারকে। আজ কি ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিতবেন জোকার? নাকি তাঁকে হারিয়ে প্রথম বারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন জিতবেন আলকারাজ়? খেলা শুরু দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনিলিভ অ্যাপে।
মেয়েদের আইপিএলে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ আজ। মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্স। এই ম্যাচের উপর নির্ভর করেছে প্লে-অফে শেষ দল হিসাবে কারা যাবে। রয়্যাল চ্যালেয়ঞ্জার্স বেঙ্গালুরু গ্রুপ শীর্ষে থেকে আগেই ফাইনালে চলে গিয়েছে। গুজরাত জায়ান্টসও এলিমিনেটরে জায়গা পাকা করে নিয়েছে। বাকি একটি জায়গার জন্য লড়াই দিল্লি, মুম্বই এবং ইউপির। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এ যাত্রায় আর জাঁকিয়ে শীত পড়বে না রাজ্যে। আগামী সাত দিন উত্তর কিংবা দক্ষিণবঙ্গ— কোথাও পারদ খুব বেশি ওঠানামার সম্ভাবনা নেই। তবে সকালের দিকে দক্ষিণের তিন জেলায় কুয়াশার দাপট চলতে পারে। আজ এবং আগামিকাল সকালের দিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে।
অগ্নিকাণ্ডের সেই রাতে আনন্দপুরের গুদামে থাকা ২৭ জনের এখনও খোঁজ মেলেনি। শনিবার পর্যন্ত ঘটনাস্থল থেকে ২৭টি দেহাংশ উদ্ধার হয়েছে। তবে মৃতের সংখ্যা ঠিক কত, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া দেহাংশগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজদের পরিজনদের সঙ্গে দেহাংশগুলির ডিএনএ এবং রক্তের নমুনা মিলিয়ে দেখা হবে। মৃতদের শনাক্ত করা সম্ভব হলে সংশ্লিষ্ট পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহাংশ। বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন, যত দ্রুত সম্ভব হয় এই কাজ সেরে ফেলার চেষ্টা করা হচ্ছে।
আজ অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ ক্রিকেটে মহারণ। ভারত মুখোমুখি পাকিস্তানের। সুপার সিক্স পর্বের ম্যাচ। এই ম্যাচ থেকেই বোঝা যাবে শেষ দল হিসাবে কারা সেমিফাইনালে যাবে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ইংল্যান্ড শেষ চারে চলে গিয়েছে। আজ ভারত জিতলে শেষ চারে চলে যাবে। হারলেও বৈভব সূর্যবংশীদের সেমিফাইনালে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ, সে ক্ষেত্রে দুই দলের পয়েন্ট সমান হলেও পাকিস্তানের ১.৪৮৪) থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত (৩.৩৩৭)। আজ খেলা শুরু দুপুর ১টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।