দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতা সেরে নিয়েছে ভারত। তাতে বিভিন্ন ভারতীয় পণ্যের উপর শুল্ক কমানোর কথা বলেছে আমেরিকা। কিছু ক্ষেত্র পুরোপুরি শুল্কমুক্তও করে দেওয়া হয়েছে। তবে এর জন্য ভারতকেও নিজেদের কৃষিক্ষেত্রের বাজার আংশিক খুলে দিতে হয়েছে আমেরিকার জন্য। দিল্লি বলছে, কৃষির ‘সংবেদনশীল ক্ষেত্র’গুলি এখনও সুরক্ষিতই রয়েছে। তবে সমঝোতার যৌথ বিবৃতিতে উল্লেখিত ‘অতিরিক্ত পণ্য’ বলতে কী বোঝানো হয়েছে, তার কোনও ব্যাখ্যা নেই। এ অবস্থায় দু’দেশের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্কের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে আজ।
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় দিন। আজও তিনটি ম্যাচ। খেলবে নিউ জ়িল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা। সকাল ১১টায় নিউ জ়িল্যান্ড মুখোমুখি আফগানিস্তানের। খেলা চেন্নাইয়ে। এরপর বিকেল ৩টে থেকে লড়াই ইংল্যান্ড এবং নেপালের। এই ম্যাচ মুম্বইয়ে। সন্ধ্যা ৭টা থেকে ঘরের মাঠে খেলবে শ্রীলঙ্কা। তাদের সামনে আয়ারল্যান্ড। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ দেশে ফেরার কথা বিশ্বকাপজয়ী ছোটদের। ইংল্যান্ডকে ফাইনালে ১০০ রানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারতের অনূর্ধ্ব১৯ ক্রিকেট দলের দুপুর ২টোয় মুম্বইয়ে নামার কথা। কী ভাবে উৎসবে মাতল ভারতীয় দল? থাকছে বৈভব সূর্যবংশী-অভিজ্ঞান কুন্ডুদের দেশে ফেরার সব খবর।
চলছে রঞ্জি ট্রফির চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে লড়াই করছে বাংলা। এখনও ৯৬ রানে পিছিয়ে অভিমন্যু ঈশ্বরণেরা। হাতে ৫ উইকেট। কর্নাটকের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই। তারা ১৩৬ রানে এগিয়ে। হাতে ৮ উইকেট। হারের ভ্রুকুটি মধ্যপ্রদেশের সামনে। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে তারা দ্বিতীয় ইনিংসে মাত্র ৪২ রানে এগিয়ে। ৫ উইকেট পড়ে গিয়েছে। অন্য ম্যাচে ঝাড়খন্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছে উত্তরাখন্ড। আজ সব ম্যাচের তৃতীয় দিন। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে। নতুন করে শীতের আমেজ অনুভূত হচ্ছে শহর জুড়ে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণেও তাপমাত্রা ধারাবাহিক ভাবে কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আপাতত ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট কমে এসেছে। যদিও উত্তরবঙ্গে এখনও সতর্কতা রয়েছে। কুয়াশা না-থাকলেও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হতে পারে সর্বত্র। বেলা বাড়লে রোদের সঙ্গে সঙ্গে অবশ্য সেই আমেজ উধাও হবে।