Advertisement
E-Paper

রান্নার গ্যাস সঙ্কট মোকাবিলায় কী ভাবছে কেন্দ্র। আমেরিকা-ইরান যুদ্ধ। রাজ্যে নতুন রাজ্যপাল। কী কী নজরে

ভারতে রান্নার গ্যাসের (এলপিজি) জোগানে টান পড়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উৎপাদন বৃদ্ধি, বুকিং পদ্ধতির বদলের পরে এ বার অগ্রাধিকারের ভিত্তিতে গৃহস্থালিতে রান্নার গ্যাস সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে ইরান হরমুজ় প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে ভারতে রান্নার গ্যাসের (এলপিজি) জোগানে টান পড়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উৎপাদন বৃদ্ধি, বুকিং পদ্ধতির বদলের পরে এ বার অগ্রাধিকারের ভিত্তিতে গৃহস্থালিতে রান্নার গ্যাস সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবাকেই নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে বেছে নিয়েছে ইরান। তার পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইজ়রায়েল ক্রমাগত ইরানের উপর হামলার তেজ বৃদ্ধি করছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। তেহরান বুঝিয়ে দিয়েছে, তারা কোনও ভাবে কারও সামনে মাথা নত করবে না। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। উদ্ভূত পরিস্থিতিতে আমেরিকা-ইরান সংঘর্ষ আরও জটিল আকার নিতে শুরু করেছে। আজ এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে বাঁক নেয়, নজর থাকবে সে দিকে।

সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলছে। সোমবারই স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে প্রস্তাব পেশ করার কথা ছিল বিরোধীদের। কিন্তু তা হয়নি। মঙ্গলবার সেই প্রস্তাব পেশ করে বিরোধী শিবির। আলোচনার জন্য তা গৃহীত হয়েছে লোকসভায়। তাঁর বিরুদ্ধে ক্ষমতাসীন দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিরোধীরা। এই অবস্থায় আজ সংসদের অধিবেশনে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।

বিধানসভা নির্বাচনের আগে কলকাতা পুরসভার শেষ মাসিক অধিবেশন বসছে আজ। আজকের অধিবেশনে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নানা প্রশ্নের জবাব ও প্রস্তাব সংক্রান্ত বিষয়ে বলবেন মেয়র ফিরহাদ হাকিম-সহ মেয়র পারিষদরা। আর কয়েক দিনের মধ্যেই বিধানসভা নির্বাচন ঘোষণা হবে। সেই দিক থেকে নতুন কিছু ঘোষণা করাও হতে পারে এই অধিবেশন থেকে।

শহরে আসছেন নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। আজ তিনি শহরে পা রাখবেন। আগামিকাল তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হবে লোকভবনে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে শপথবাক্য পাঠ করাবেন। ঘটনাচক্রে যে দিন নতুন রাজ্যপাল কলকাতায় আসবেন, সেই দিনই কলকাতা থেকে নিজের রাজ্য কেরলে ফিরে যাবেন সদ‍্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

News of the Day Cooking Gas Iran Israel war america Budget KMC Governor of WB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy