বছর পঁয়ত্রিশের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই দুই বন্ধুর বিরুদ্ধে। মুম্বইয়ের একটি ফ্ল্যাটে এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম আফসার। দুই অভিযুক্তের নাম সুরেশ এবং রাজেশ।
পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের গোরেগাঁওয়ে কর্মসূত্রে থাকতেন তিন জন। একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। নিজেরা রান্না করে খেতেন। কাজ থেকে ফিরে রাজেশ এবং সুরেশ খেতে বসেন। কিন্তু রান্না করে রাখা মাছ পাতে না পড়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘটনাচক্রে, সেই সময় আফসার ঘরে বসেই মদ্যপান করছিলেন। রাজেশ এবং সুরেশ তাঁকে জিজ্ঞাসা করেন, মাছ কোথায়। তিনি জানান, এ সম্পর্কে কিছু জানেন না। তখনই রাজেশ এবং সুরেশের সন্দেহ হয়, মদ্যপান করতে করতে মাছ খেয়ে ফেলেছেন আফসার। আর সেই সন্দেহের বশেই দুই বন্ধু মিলে আফসারকে মারধর শুরু করেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
প্রথমে তাঁকে লাঠি দিয়ে মারধর করা হয়। তার পর পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় বলে অভিযোগ। তার পরই আফসারকে ফ্ল্যাটের মধ্যে ফেলে রেখে হরিয়ানায় পালিয়ে যান রাজেশ এবং সুরেশ। সুরেশ হরিয়ানার কৈথলের বাসিন্দা। আর রাজেশ নেপালের নাগরিক। আফসারের দেহ উদ্ধার হতেই দুই বন্ধুর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে হরিয়ানা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।