Advertisement
E-Paper

কোভিড অতিমারিকালে পরিবারের পেনশন পাওয়ার শর্ত কিছুটা শিথিল করল কেন্দ্র

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, কোভিড বা তৎসংলগ্ন কারণে মৃত্যু হলেই এই সুবিধা পাওয়া যাবে। এতে জটিলতা কিছুটা কমবে বলেই মত তাঁর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ১০:১৩
সৎকার করা হচ্ছে কোভিডে মৃতদের দেহ।

সৎকার করা হচ্ছে কোভিডে মৃতদের দেহ। ছবি—পিটিআই।

কোভিড অতিমারি পরিস্থিতিতে পেনশনের নিয়মে শিথিল করল কেন্দ্র। কেন এই নিয়ম শিথিল করা হয়েছে, তা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ।

পেনশন এবং পেনশনভোগী কল্যাণ দফতরের এই সংস্কার নিয়ে জিতেন্দ্র বলেছেন, ‘‘কর্মরত কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর পরিবারের লোক যদি মৃত্যুর শংসাপত্র জমা দেন এবং পেনশনের দাবি করেন, তাহলে শর্তসাপেক্ষে তৎক্ষণাৎ তা মঞ্জুর করা হবে। সে ক্ষেত্রে চিরাচরিত পদ্ধতির শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না।’’ তবে কোভিডের জেরে বা তৎসংলগ্ন কারণে মৃত্যু হলেই এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

রুলস ৮০ (এ) অব দ্য সিসিএস (পেনশন) নিয়ম ১৯৭২ অনুসারে, চাকরিরত অবস্থায় কোনও সরকারি কর্মচারির মৃত্যু হলে তাঁর পরিবারের উপযুক্ত সদস্যকে পেনশন দেওয়া হয়। এই পেনশন পাওয়ার জন্য বিষয়টি পে অ্যান্ড অ্যাকাউন্টস (পিএও) অফিসে পাঠানো হয়। সেখান থেকে মঞ্জুর হয়ে আসার পর পাওয়া যায় পেনশন।

সোমবারের ঘোষণার পর কোভিডে মৃতদের এই পিএও থেকে ছাড়পত্রের জন্য অপেক্ষা করতে হবে না। পরিবারের যোগ্য সদস্য সরকারি কর্মচারির মৃত্যুর শংসাপত্র জমা দেওয়ার পরই পেনশনের সুবিধা পাবেন। সেই সঙ্গে অতিমারিকালে চাকরি থেকে অবসরের পর পিএও থেকে ছাড়পত্র আনার সময়সীমা এক বছর বাড়ানো হয়েছে বলেও ঘোষণা করেছেন মন্ত্রী। অতিমারির কারণে পেনশন পেতে দেরি হওয়ায় যাতে সরকারি কর্মচারিদের পরিবারকে অসুবিধায় পড়তে না হয়, সে জন্যই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

Central Government Pension Coronavirus Pandemic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy