Advertisement
E-Paper

নয়ডায় শ্রমিক বিক্ষোভের জের! অভাব-অভিযোগ খতিয়ে দেখতে মালিক-শ্রমিক দু’পক্ষকে নিয়েই কমিটি গঠন করলেন আদিত্যনাথ

শ্রমিকদের বিক্ষোভ ঘিরে সোমবার সকাল থেকে দৃশ্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় নয়ডার ফেজ় ২ এলাকায়। রাস্তা অবরোধ হয়। গাড়ি ভাঙচুর হয়। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষুব্ধ শ্রমিকদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২০:৫৩
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। —ফাইল চিত্র।

নয়ডায় সকাল থেকে চলা শ্রমিক বিক্ষোভের মাঝে এ বার পদক্ষেপ করল উত্তরপ্রদেশ সরকার। শ্রমিকদের অভাব-অভিযোগ, দাবি-দাওয়া খতিয়ে দেখতে গঠন করা হল উচ্চপর্যায়ের কমিটি। এই কমিটিতে আমলাদের পাশাপাশি থাকবেন শ্রমিক সংগঠন এবং মালিকপক্ষের প্রতিনিধিরাও।

সোমবার বিকেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের দফতর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতেই উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়। বলা হয়েছে, আদিত্যনাথের নির্দেশে শ্রম দফতর এই কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্বে থাকবেন উত্তরপ্রদেশের শিল্প উন্নয়ন কমিশনার। পাশাপাশি সে রাজ্যের ছোট মাঝারি এবং কুটির শিল্প দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এবং শ্রম ও কর্মসংস্থান দফতরের প্রধানসচিবও থাকবেন কমিটিতে। একই সঙ্গে থাকবে শ্রমিক এবং মালিকপক্ষও। আদিত্যনাথের দফতর জানিয়েছে, কমিটিতে শ্রমিক সংগঠনগুলির পাঁচ জন প্রতিনিধি এবং মালিকপক্ষের সংগঠনগুলির তিন জন প্রতিনিধি থাকবেন।

শ্রমিকদের বিক্ষোভ ঘিরে সোমবার সকাল থেকে দৃশ্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় নয়ডার ফেজ় ২ এলাকায়। রাস্তা অবরোধ হয়। গাড়ি ভাঙচুর হয়। অগ্নিসংযোগও হয় গাড়িতে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষুব্ধ শ্রমিকদের। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় দিল্লির সঙ্গে নয়ডার সংযোগকারী রাস্তা। কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। সোমবারের এই বিক্ষোভের ঘটনায় বিকেল পর্যন্ত প্রায় ১০০ জনের গ্রেফতারির খবর মিলেছে। এরই মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, শ্রমিকদের অভাব-অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, মুখ্যমন্ত্রী আদিত্যনাথের নির্দেশ অনুযায়ী শ্রমিকদের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শ্রম দফতর। নয়ডায় যে শিল্প-সংঘাত তৈরি হয়েছে, তা মেটানোর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। শ্রমিকদের স্বার্থ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার জন্যই এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানাচ্ছে উত্তরপ্রদেশ সরকার।

Advertisement

বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, তাঁরা মাসে ১৫ হাজার টাকারও কম বেতন পান। শুধু তা-ই নয়, দিনে আট ঘণ্টার বদলে ১২ ঘণ্টা ধরে কাজ করানো হয়। অথচ বেতন বাড়াতে বললে, কর্তৃপক্ষের কাছ থেকে কোনও জবাবই মেলে না। এ অবস্থায় বিক্ষোভকারী শ্রমিকেরা মালিকপক্ষের কাছে মূলত দু’টি দাবি তুলে ধরেন। প্রথমত, ‘ওভারটাইম’ করলে যেন তাঁরা সেই অতিরিক্ত শ্রমের উপযুক্ত পারিশ্রমিক পান। দ্বিতীয়ত, মাসিক বেতন বৃদ্ধি করতে হবে।

এই বিক্ষোভ ঘিরে অশান্তির বাতাবরণ তৈরি হতেই সতর্ক করে দেন আদিত্যনাথ। জানিয়ে দেন, আন্দোলন এবং প্রতিবাদের নামে অশান্তি পাকানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপ করা হবে। একই সঙ্গে এ-ও দাবি করেন, সে রাজ্যের উন্নয়নকে থমকে দিতে অশান্তি পাকানোর চেষ্টা চলছে। পাশাপাশি শ্রমিকদের যে উপযুক্ত বেতন পাওয়া উচিত, তা-ও জানান আদিত্যনাথ। জানান, কাজের সুস্থ পরিবেশ এবং প্রাথমিক সুবিধাগুলি থাকা উচিত কারখানাগুলিতে। শিল্পাঞ্চলকে তিনি স্পষ্ট বার্তা দেন, শ্রম আইন যেন ঠিকমতো অনুসরণ করা হয়। কর্মীদের অভাব-অভিযোগ যেন ঠিকমতো শোনা হয়। রাজ্যের শ্রম দফতরকেও বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। এর পরে বিকেলেই উত্তরপ্রদেশের শ্রম দফতর জানাল, শ্রমিকদের অভাব অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে।

Labours Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy