কাউন্সেলিংয়ের জন্য থানায় ডাকা হয়েছিল দম্পতিকে। কিন্তু সেখানে গিয়েও স্বামী-স্ত্রী তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন দুই শিশুকন্যাকেও। কাউন্সেলিংয়ের পর আবার কথা কাটাকাটি হয় দু’জনের। তার পরই দুই সন্তানকে থানায় রেখে বেরিয়ে যান মহিলা। তাঁকে বেরিয়ে যেতে দেখে পিছু পিছু হাঁটা দেন যুবকও। ঘটনাটি তেলঙ্গানার হায়দরাবাদের।
পুলিশ জানিয়েছে, সন্তানের দায়িত্ব দম্পতির কেউই নিতে চাইছিলেন না। থানার মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। তার পরই দুই সন্তানকে ফেলে রেখে হাঁটা দেন দম্পতি। এই পরিস্থিতি দেখে পুলিশও হতভম্ব হয়ে যায়। থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, যুবকের নাম রবি কুমার। তিনি একটি দোকান চালান। তাঁর স্ত্রী ললিতা। তিনি নার্সিং পড়ুয়া। বছর দশেক আগে তাঁদের প্রেম করে বিয়ে হয়েছিল। দুই কন্যাসন্তানও রয়েছে। কিন্তু গত কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে টানাপড়েন চলছিল।
পুলিশ সূত্রে খবর, এর আগে ললিতা তাঁর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন। তার পর দু’জনকেই থানায় ডেকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে পুলিশ। মঙ্গলবার কাউন্সেলিংয়ের জন্য স্বামী-স্ত্রী দুই সন্তানকে নিয়ে থানায় এসেছিলেন তাঁরা। থানার মধ্যেই নিজের মঙ্গলসূত্র খুলে ফেলে পুলিশ আধিকারিককে জানান, রবির সঙ্গে তিনি আর সংসার করতে চান না। শুধু তা-ই নয়, পুলিশকে এ-ও জানান, সন্তানদের দেখাশোনাও করতে পারবেন না তিনি। এ কথা বলেই থানা থেকে বেরিয়ে যান ললিতা। রবিও তাঁর সন্তানদের থানায় রেখে হাঁটা দেন। তাদের ছেড়ে বাবা-মা চলে যাওয়ায় কান্নাকাটি শুরু করে দেয় দুই শিশু। রবি এবং ললিতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পুলিশ। কিন্তু যোগাযোগ না হওয়ায় শিশুদের দাদু-ঠাকুরমার সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের হাতেই দুই শিশুকে তুলে দেয় পুলিশ।