রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রাদেবীর শ্রাদ্ধানুষ্ঠান হল শুক্রবার। প্রণববাবুর ছেলে অভিজিতের তালকাটোরা রোডের বাড়িতেই আজ এই শ্রাদ্ধানুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না এলেও উপস্থিত ছিলেন রাজনাথ সিংহ, অরুণ জেটলি, উমা ভারতী, মনোহর পর্রীকরের মতো মন্ত্রিসভার শীর্ষ সদস্যরা। মেয়ে প্রতিভাকে নিয়ে এসেছিলেন লালকৃষ্ণ আডবাণীও। উপস্থিত ছিলেন সনিয়া গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বাংলাদেশের হাইকমিশনার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, দিল্লির উপরাজ্যপাল, মধ্যপ্রদেশ ও মিজোরামের রাজ্যপালরাও আজকের অনুষ্ঠানে সামিল হন। দিনভর ওই বাড়িতে ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কন্যা শর্মিষ্ঠা ও পরিবারের অন্য সদস্যরা।