Advertisement
E-Paper

মুখ ভরে যাচ্ছে র‌্যাশে, খাবার থেকে অ্যালার্জি না প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়া, বুঝবেন কী উপায়ে?

ত্বকের ধরন অনুযায়ী প্রসাধনী না কিনলে, তা থেকে র‌্যাশ, ফুস্কুড়ি হওয়ার আশঙ্কা থাকে। আবার খাবার থেকে অ্যালার্জির কারণেও চর্মরোগ বা কনট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। ত্বকের র‌্যাশ কী কারণে হচ্ছে বুঝবেন কী ভাবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৭:১২
Are Your Makeup or Your Diet Causing skin rashes, expert Tips Home Remedies for Clear Skin

খাবার থেকে অ্যালার্জি না মেকআপ, কী কারণে ত্বকে র‌্যাশ হচ্ছে? ছবি: ফ্রিপিক।

সকালে আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ দেখলেন সারা মুখ ছোট ছোট লাল র‌্যাশ আর ফুস্কুড়িতে ভরে গিয়েছে। মেকআপ করার কারণেই এমন হচ্ছে কি না, তা বুঝতেই পারলেন না। ময়েশ্চারাইজ়ার বা ফাউন্ডেশন বদল করার পরেও হয়তো দেখলেন, একই ভাবে মুখ ও গলায় র‌্যাশ হচ্ছে। ত্বকের চিকিৎসকেরা জানাচ্ছেন, র‌্যাশ বা ত্বকে হওয়া কোনও চর্মরোগের কারণ অ্যালার্জিও হতে পারে। অনেকের খাবার থেকে অ্যালার্জি হয়, আবার অনেকের ধাতব কোনও জিনিস থেকে। লক্ষণ অনেকটাই এক, তাই চেনা সহজ নয়। আর সঠিক কারণ জানতে না পারলে, তার প্রতিকার করাও সম্ভব নয়।

কী কারণে র‌্যাশ হচ্ছে বুঝবেন কী উপায়ে?

ডিম, চিংড়ি, কাঁকড়া, বাদাম, বেগুন বা দুগ্ধজাত খাবার থেকে অ্যালার্জি বেশি হয়। যদি দেখা যায়, খাবার খাওয়ার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে মুখে র‌্যাশ বা চুলকানি হচ্ছে, তা হলে বুঝতে হবে নির্দিষ্ট কোনও খাবার থেকেই অ্যালার্জি হচ্ছে।

ফুড অ্যালার্জির ক্ষেত্রে শুধু ত্বকেই নয়, বরং ঠোঁট, জিভ বা গলা ফুলে যাওয়া, পেটে ব্যথা, বমি বমি ভাব, চোখ লাল হওয়া বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে।

র‌্যাশের ধরনও আলাদা হবে। আমবাতের মতো চাকা চাকা লাল দাগ হয় এবং প্রচণ্ড চুলকানি হয়। ত্বক খসখসে হয়ে যেতে পারে।

প্রসাধনীর কারণে র‌্যাশ হলে তা তৎক্ষণাৎ না-ও হতে পারে। এ ক্ষেত্রে ২-৩ দিন পর মুখ বা হাত ফুলে যাওয়া র‌্যাশ, প্রদাহ হবে।

প্রসাধনী ত্বকের যে জায়গায় মেখেছিলেন, র‌্যাশ সেখানেই হবে। শরীরের অন্য কোথাও এর প্রভাব পড়বে না।

ত্বক খসখসে বা শুষ্ক হয়ে যাওয়া, ছোট ছোট লাল ফুস্কুড়ি হওয়া, চুলকানির চেয়ে বেশি জ্বালাপোড়া অনুভূতি হওয়া এর লক্ষণ হতে পারে।

কী ভাবে সারবে?

অ্যালো ভেরা এবং শসার প্যাক

ত্বকে চুলকানি ও জ্বালাপোড়া কমাতে এই প্যাক কার্যকর হতে পারে। ২ চামচ তাজা অ্যালো ভেরা জেলের সঙ্গে ২ চামচ শসার রস মিশিয়ে নিন। মিশ্রণটি ফ্রিজে ১০ মিনিট রেখে ঠান্ডা করুন। এবার তুলোয় করে সারা মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

ওট্‌স ও টক দইয়ের মাস্ক

১ চামচ ওট্‌স গুঁড়ো করে নিন। এর সঙ্গে ১ চামচ টক দই মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে আলতো হাতে মালিশ করুন এবং ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন। এই প্যাক চুলকানি কমাতে সাহায্য করবে। ত্বকের আর্দ্রতাও ধরে রাখবে।

নিম ও তুলসী পাতার ডিটক্স প্যাক

প্রসাধনীর কারণে হোক বা খাবারে অ্যালার্জির কারণে, নিম ও তুলসী সবচেয়ে ভাল ওষুধ হতে পারে। একমুঠো নিমপাতা ও তুলসীপাতা একসঙ্গে সামান্য জল দিয়ে বেটে নিন। এই পেস্টটি সরাসরি ফুস্কুড়ি বা র‌্যাশের উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন।

চন্দন ও গোলাপজলের প্যাক

ত্বকের ফোলা ভাব, লালচে দাগ দূর করতে এই প্যাকটি ব্যবহার করতে পারেন। ১ চামচ চন্দনগুঁড়োর সঙ্গে পরিমাণমতো গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন, তার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

Skin Rashes Skin Care Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy