Advertisement
E-Paper

জেন জ়ি যখন শতরঞ্জ কি খিলাড়ি! ছককাটা পোশাকে ছক ভাঙছে, পুরনো ফ্যাশনেই দিচ্ছে ‘চেক মেট’

ইউরোপের মহিলাদের বাহারি গাউনে বহু যুগ আগে থেকেই দেখা যেত চেক নকশা। ছককাটা শার্ট পরতেন বিদেশি রাখালেরাও। পরে ভারতীয় শাড়ি, অফিস যাওয়ার শার্টেও দাবার ছকের নকশা প্রভাব ফেলেছে। এ বার তাতে নিজেদের ভাবনা জুড়ল জেন জ়ি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৭:১১
ছকে ফিরেই ছক ভাঙুন!

ছকে ফিরেই ছক ভাঙুন! ছবি: এআই সহায়তায় প্রণীত।

চেনা ছকে পড়েন না ওঁরা। চলনে, বলনে, ভাবনায়, বেশভূষায় বরং পুরনো ছক ভাঙাতেই উৎসাহ বেশি। ওঁরা ‘জেন জ়ি’। আর সেই ওঁরাই এখন পড়েছেন ছকের প্রেমে। দাবার বোর্ডের মতো চেকার্ড বা ছককাটা নকশার পোশাক নতুন করে ফিরছে জেনারেশন জেড বা ‘জেন জ়ি’-র হাত ধরে।

ছককাটা বা চেকার্ড নকশার পোশাক পরার চল নতুন নয় একেবারেই। যে যুগে ইউরোপের মহিলারা ভিতরে চামড়ার করসেট আর খাঁচার মতো ক্যান ক্যান-এর উপরে বাহারি গাউন পরে সেজেগুজে তৈরি হতেন, সে কালেও তাঁদের গাউনে দেখা যেত চেক নকশা। সরু মোটা ছোট বড় ছক কাটা শার্ট পরতে দেখা যেত বিদেশি রাখাল বা কাউবয়দেরও। পরবর্তী কালে বাঙালি তাঁতের শাড়ি, দক্ষিণ ভারতীয় কাঞ্জিভরম, ইক্কত, ওড়িশার সম্বলপুরী, অন্ধ্রের নারায়ণপেট, গাদোয়ালেও দাবার ছকের নকশা প্রভাব ফেলেছে।

সাদা বা একরঙা শার্ট ছেড়ে অফিস যাওয়ার জন্য চেক শার্ট বেছে নিয়েছেন জেন জির দুই প্রজন্ম আগের ‘বুমার’ অথবা তার পরের প্রজন্ম জেনারেশন ‘এক্স’। মিলেনিয়ালেরাও ক্যাজ়ুয়াল আউটিং এর জন্য বেছে নিয়েছেন একটু অন্য ধরনের ছককাটা শার্ট, ড্রেস, জাম্পস্যুট, শিফ্‌ট ড্রেস। আর এ বার পুরনো ছক মেনে জেন জ়ি-ও ছককাটা পোশাক বেছে নিল।

আসলে দুনিয়ার বাকি সমস্ত ক্ষেত্রের মতোই সাজগোজের দুনিয়াও ঘোরে চক্রাকারে। সেই ঘূর্ণিতে যে কিছু নকশা ছিটকে পড়ে না, তা নয়। তবে কিছু জিনিস তার চিরকালীন আবেদনের গুণেই টিকে যায়। কখনও পুরনো হয় না, শুধু বদলে যায় আঙ্গিক, বদলে যায় তার পরিধানের ধরন। সেই নিয়মেই এই মুহূর্তে বলিউডের তরুণ ব্রিগেডের পছন্দের তালিকায় এক নম্বরে উঠে এসেছে ‘চেকড প্রিন্ট’ বা ছককাটা নকশা। তবে এই চেক মানে কেবল পুরনো চেক শার্ট বা চেক ড্রেস নয়, এতে লেগেছে জেন-জ়িদের অন্য রকম ভাবনার ছোঁয়া। দাবার বোর্ডের প্রথাগত নকশা নিয়ে নানা ভাবে খেলেছেন বলিউডের নতুন প্রজন্মের তারকারা। ছক ভাঙার সেই খেলায় হয়ে উঠছেন শতরঞ্জ কি খিলাড়ি।

খুশি কপূর

খুশি যেমন দেখিয়েছেন সাদাকালো ছককাটা পোশাককে কী ভাবে ‘ব্লেজার ড্রেস’-এ বদলে দেওয়া যায়। তাঁর এই সাজ এক দিকে যেমন অফিসের মিটিংয়ের জন্য জুতসই, তেমনই অন্য দিকে রাতের পার্টির জন্যও ‘হিট’।

তারা সুতারিয়া

তারা বেছে নিয়েছেন নস্টালজিক ভিন্টেজ লুক। তাঁর চেক্ড‌ পোশাকে রয়েছে আশির দশকের ফরাসি ফ্যাশনের প্রভাব। প্যাস্টেল শেড আর হালকা নকশা একসঙ্গে মিলে এক ধরনের স্নিগ্ধ অথচ স্মার্ট স্টাইল তৈরি করেছে।

পশমিনা রোশন

গরমে আরাম এবং স্টাইল— উভয়ই একসঙ্গে চাইলে পশমিনার মতো প্যাস্টেল চেক্ড‌ কো-অর্ড সেট পরা যেতে পারে। ঢিলেঢালা প্যান্ট গরমে স্বস্তি দেবে আর স্লিভলেস ওয়েস্ট কোটের ধাঁচের ক্রপ জ্যাকেটে আরাম প্রাপ্তির পাশাপাশি কেতাদুরস্তও দেখাবে।

শান্য কাপুর

শান্য পরেছেন ‘হাউন্ডস্টুথ’ প্রিন্টের কো-অর্ড সেট। ছোট ছোট ছকের নকশা। তবে হালকা আর গাঢ় রঙের মিশেল নয়, গাঢ় রঙের উপরেই অন্য আরও একটি গাঢ় রঙের ছকের নকশা। এই ধরনের রঙের বৈপরীত্যহীন চেক নকশা পোশাকে বাড়তি আভিজাত্য আনে। শান্য সেই নকশারই মিনি স্কার্টের সঙ্গে পরেছেন ফিটেড ব্লেজার।

শর্বরী ওয়াঘ

ছক ভাঙার খেলায় সবচেয়ে এগিয়ে শর্বরী। তাঁর হাঁটু-ঝুল ড্রেসে উঠে এসেছে গোটা দাবার বোর্ডটাই। তবে সাদা কালোর বদলে সাদার উপরে মভ রঙের চেক। আর তার উপরে গাঢ় নীল রঙের ‘কাট-আউট’ ডিটেলিং। যাঁরা পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন, তাঁদের জন্য শর্বরীর এই সাজ হতে পারে ফ্যাশনের গাইডবুক।

আলমারিতে ছককাটা বা চেক নকশার পোশাক কেন রাখবেন?

১. একটি চেক শার্ট বা স্কার্টকে নানা ভাবে ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ করে নতুন নতুন লুক তৈরি করা যায়।

২. চেক কখনও পুরোপুরি ফ্যাশন দুনিয়া থেকে ছিটকে যাবে না। এটি এক ধরনের ক্যাজ়ুয়াল ক্লাসিক। যা পরলেই ভাল দেখাবে।

৩. ছককাটা পোশাক পরলে আপনা হতেই চেহারায় স্মার্টনেসের ঝলক ফুটে ওঠে। যা অন্য পোশাকে তত সহজে আসে না।

gen z fashion New Fashion Trend
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy