খাতায়-কলমে গ্রীষ্ম আসেনি বটে, তবে বসন্তেও রোদের দাপট নেহাত কম নয়। রোদে দিনভর ঘোরাঘুরি করলেই শরীর চাইছে শীতল স্পর্শ। ঠান্ডা জলে গলা ভেজালে শরীর ঠান্ডা হতে পারে। তবে ঠা ঠা রোদে দাঁড়িয়ে থাকলে জ্বালা ধরে মুখে-ঘাড়েও। তা ছাড়া, চড়া রোদে ত্বকও কালচে হয়ে যায়। তা থেকে মুক্তি মিলবে কী ভাবে?
বাড়িতেই বানিয়ে নিন প্রাকৃতিক উপাদানে তৈরি ফেসপ্যাক, যা মাখলে কালচে ছোপ উধাও হবে, ত্বকে লাগবে শীতল স্পর্শ।
আরও পড়ুন:
চন্দন-গোলাপজল: তৈলাক্ত ত্বকের জন্য এই ফেসপ্যাকটি ভাল। বিশেষত গরমে ঘাম হলে মুখ তেলতেলে হয়ে যায়। তখন মাখতে পারেন চন্দন এবং গোলাপজলের মিশেলে তৈরি প্যাকটি। প্রথমেই মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। তার পরে এই দুই উপকরণ মিশিয়ে তার প্রলেপ দিন মুখে। মিনিট পাঁচেক রেখে ধুয়ে ফেলুন। চন্দন দেওয়ার সঙ্গে সঙ্গে ত্বকে স্বস্তি ফিরবে, আরাম হবে।
শসা: ফ্রিজে রাখা ঠান্ডা শসা চাকার মতো কেটে গোটা মুখে মাখতে পারেন। কিংবা শসা মিক্সারে বেটে তা-ও লাগাতে পারেন মুখে। শসার বেশির ভাগটাই জল। শসা কালচে ভাব দূর করে। শসা বেটে বরফের মতো জমিয়ে রাখতে পারেন। সেটি মুখে মাখলেও আরাম হবে।
গোঁদ কাটিরা: গোঁদ কাটিরা এক প্রকার উদ্ভিজ্জ আঠা, যা খাওয়া যায়। এটি খুব উপকারীও। গোঁদের দানাদার অংশ রাতভর ভিজিয়ে রাখলে জেলে পরিণত হয়। এটি সরাসরি বা গোলাপজলে মিশিয়ে মুখে মাখতে পারেন। এই প্যাক মুখের জ্বালাভাব কমায়, ত্বককে আরাম দেয়। ব্রণ এবং প্রদাহ কমাতেও এটি খুব উপকারী।