Advertisement
E-Paper

ইরানের সঙ্গে শান্তিচুক্তির বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা ট্রাম্পের! মার্কিন প্রেসিডেন্টের কী বার্তা ইজ়রায়েলের প্রধানমন্ত্রীকে

ইরানের বিরুদ্ধে ইজ়রায়েলের যে অনড় অবস্থান ছিল, তা থেকে নেতানিয়াহু কি সরে দাঁড়ালেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৩:৫৮
নেতানিয়াহুকে কী বার্তা দিলেন ট্রাম্প? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নেতানিয়াহুকে কী বার্তা দিলেন ট্রাম্প? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানের সঙ্গে শান্তিচুক্তির বিষয়ে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ওই সূত্রের দাবি, নেতানিয়াহুকে ট্রাম্প জানিয়েছেন, সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে শীঘ্রই। সামরিক সংঘাতও শেষ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রশাসনের ওই সূত্রের দাবি, নেতানিয়াহুও ট্রাম্পকে কথা দিয়েছেন যে, ইরানের সঙ্গে এই শান্তিচুক্তিতে তিনি বাধা হয়ে দাঁড়াবেন না। মার্কিন প্রেসিডেন্ট যা সিদ্ধান্ত নেবেন, নেতানিয়াহু তা মেনে নেবেন। তবে শান্তিচুক্তিতে ‘নাক না গলানোর’ প্রতিশ্রুতি দিলেও ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী। ওই সূত্রের দাবি, নেতানিয়াহু ট্রাম্পকে বলেছেন যে, ইরান সম্পর্কিত গোটা বিষয়টি তিনি মার্কিন প্রেসিডেন্টের উপরই ছেড়ে দিচ্ছেন। কারণ, ট্রাম্পকে ভরসা করেন তিনি।

ইরানের বিরুদ্ধে ইজ়রায়েলের যে অনড় অবস্থান ছিল, তা থেকে নেতানিয়াহু কি সরে দাঁড়ালেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। কারণ, ইরানের সঙ্গে শান্তিচুক্তির বিষয় নিয়ে সম্প্রতি নেতানিয়াহুকে ভর্ৎসনা করেছিলেন ট্রাম্প। তাঁকে ‘বদ্ধ পাগল’ বলেও উল্লেখ করেন। শান্তিচুক্তিতে আমেরিকার সামনে যে শর্তগুলি রেখেছে ইরান, তার মধ্যে একটি ছিল লেবাননে ইজ়রায়েলের হামলার বন্ধের বিষয়টি। মার্কিন প্রেসিডেন্ট সেই প্রতিশ্রুতি ইরানকে দেওয়ার পরেও ইজ়রায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে পর পর হামলা চালিয়েছে। তার ফলে ট্রাম্পের রোষানলে পড়তে হয়েছিল নেতানিয়াহুকে।

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের শুরু থেকেই ইজ়রায়েল এবং আমেরিকা দু’দেশই অনড় অবস্থান নিয়েছিল। কিন্তু সময় যত গড়িয়েছে, আমেরিকা তাদের অবস্থান থেকে সরে আসে। সুর নরম করে সমঝোতা চুক্তিতে সায় দেয় ট্রাম্পও। আমেরিকা তাদের অবস্থান থেকে সরে এলেও ইজ়রায়েল কিন্তু ইরানে ক্ষমতা বদলে তাদের অবস্থানে অনড়ই ছিল। এ সপ্তাহের শুরুতে ইরানের বিদ্যুৎকেন্দ্র-সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলিতে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু। কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্পের কথায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে ওই সূত্রের দাবি।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
Iran US israel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy