Advertisement
E-Paper

মার্কিন বাহিনীর হামলায় নিহত ভেনেজ়ুয়েলার ‘রক্তপিপাসু’ জঙ্গিনেতা নিনো গুয়েরেরো! মাথার দাম ছিল ৪৭ কোটি টাকা

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘‘মার্কিন সেন্ট্রাল কমান্ড অত্যন্ত দক্ষতা এবং নৈপুণ্যের সঙ্গে জঙ্গিনেতার ডেরায় অভিযান চালিয়েছে। নিহত হয়েছেন নিনো গুয়েরেরো নামে কুখ্যাত জঙ্গিনেতা।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১১:১০
মার্কিন বাহিনীর হামলায় হত জঙ্গিনেতা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মার্কিন বাহিনীর হামলায় হত জঙ্গিনেতা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মার্কিন বাহিনীর হামলায় নিহত ভেনেজ়ুয়েলার কুখ্যাত জঙ্গিনেতা নিনো গুয়েরেরো। ট্রুথ সোশ্যালে এই সামরিক অভিযানের কথা জানিয়ে সেটির ভিডিয়ো ফুটেজও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার গোপনে ওই জঙ্গিনেতার ডেরায় অভিযান চালায় মার্কিন বাহিনী। খুব অল্প সময়ের অভিযানে জঙ্গিনেতাকে খতম করা হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। তিনি ওই জঙ্গিনেতাকে ‘রক্তপিপাসু’ বলেও উল্লেখ করেছেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘‘আমার নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ড অত্যন্ত দক্ষতা এবং নৈপুণ্যের সঙ্গে জঙ্গিনেতার ডেরায় অভিযান চালিয়েছে। এই অভিযানে নিহত হয়েছেন নিনো গুয়েরেরো নামে ওই কুখ্যাত জঙ্গিনেতা।’’ গুয়েরেরো ছিলেন ট্রেন দ্য আরাগুয়া নামে জঙ্গি সংগঠনের প্রধান। আমেরিকা এই অপরাধচক্র এবং জঙ্গিনেতা গুয়েরেরোকে কালো তালিকাভুক্ত করেছিল। নিউ ইয়র্কের আদালতে এই জঙ্গিনেতার বিরুদ্ধে খুন, অপহরণ, মাদকপাচার এবং আমেরিকায় জঙ্গি কার্যকলাপে মদত জোগানো-সহ বেশ কয়েকটি অভিযোগে মামলা দায়ের হয়েছিল। মার্কিন প্রতিরক্ষা দফতর গুয়েরেরোর মাথার দাম ঘোষণা করেছিল ৪৭ কোটি টাকা।

উত্তর, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপেও বহু হত্যা, হিংসা, তোলাবাজি, মাদকপাচার এবং জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিলেন গুয়েরেরো। কয়েক দিন আগেই ট্রাম্প ঘোষণা করেন, কোথাও লুকিয়ে থেকে পার পাবেন না জঙ্গিনেতা গুয়েরেরো। ভেনেজ়ুয়েলায় ওই ডেরা ধ্বংস করা হবে। তিনি বলেন, ‘‘এই রক্তপিপাসু হত্যাকারীকে পাতাল থেকে হলেও খুঁজে বার করব। ওঁকে নরকের রাস্তা দেখাব।’’ তার পরই শুক্রবার গুয়েরেরোর বিরুদ্ধে অভিযানে নামে মার্কিন বাহিনী। দীর্ঘ দিন ধরেই ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে মদত এবং মাদক পাচারের অভিযোগ তুলে আসছে আমেরিকা। ভেনেজ়ুয়েলায় সংক্ষিপ্ত সামরিক অভিযানও চালায় মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে আমেরিকায় নিয়ে আসা হয়। ট্রাম্পের অভিযোগ, ট্রেন দ্য আরাগুয়া জঙ্গি সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল মাদুরোর। তাঁকে অপহরণের পর ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ভেনেজ়ুয়েলার মাটিতে যে জঙ্গি সংগঠন কাজ করছে, সবক’টিকে নিশ্চিহ্ন করা হবে।

গুয়েরেরোর উত্থান জেল থেকে। ভেনেজ়ুয়েলায় জেলে নিজের একটি দল তৈরি করেছিলেন তিনি। তার পর আরাগুয়ায় অপরাধের সাম্রাজ্য বানান। অভিযোগ, গত কয়েক বছরে দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশে বিশেষ করে পেরু এবং কলম্বিয়ায় তাঁর অপরাধের জাল বিস্তার করেছিলেন গুয়োরেরো।

venezuela
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy