Advertisement
E-Paper

এক টুকরো বরফেই হবে জাদু! কখন কোন রং দরকার, বেছে নিয়ে ত্বকচর্চা করুন, কী ভাবে বানাবেন

বরফ ত্বককে দ্রুত সতেজ করে, ফোলা ভাব কমাতে সাহায্য করে এবং রোদে পোড়া ত্বকে সাময়িক আরাম দেয়। তবে শুধু সাধারণ বরফ নয়, কিছু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি বরফের কিউব গরমের ত্বকচর্চায় আরও কার্যকর হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৫:৫৪
বরফের টুকরো দিয়ে ত্বকচর্চা।

বরফের টুকরো দিয়ে ত্বকচর্চা। ছবি: এআই সহায়তায় প্রণীত।

রোদে বেরোলেই ত্বক জ্বলেপুড়ে যাচ্ছে? রোদেপোড়া, জ্বালা, ঘাম, তেলচিটে ভাব আর ক্লান্তি— গরমের সময়ে চোখেমুখে স্পষ্ট হয়ে ওঠে এই লক্ষণগুলি। এই সময়ে তাৎক্ষণিক স্বস্তি পেতে অনেকেই বরফের থেরাপির সাহায্য নেন। বরফ ত্বককে দ্রুত সতেজ করে, ফোলা ভাব কমাতে সাহায্য করে এবং রোদে পোড়া ত্বকে সাময়িক আরাম দেয়। তবে শুধু সাধারণ বরফ নয়, কিছু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি বরফের কিউব গরমের ত্বকচর্চায় আরও কার্যকর হতে পারে।

৭টি উপাদান দিয়ে বানিয়ে নিন বরফের কিউব

১. গোলাপজল

গোলাপজল গরমের ত্বকচর্চার অন্যতম জনপ্রিয় উপাদান। এটি ত্বকে শীতল অনুভূতি আনে এবং রোদে পোড়া ত্বককে আরাম দিতে সাহায্য করে। গোলাপজল সরাসরি বরফের ট্রেতে ঢেলে জমিয়ে ব্যবহার করা যায়। রোদ থেকে ফিরে মুখে হালকা করে ঘষে নিলেই সতেজ অনুভূতি পাওয়া যায়। ব্যবহারের সময়ে নরম কাপড়ে মুড়িয়ে নিতে পারেন।

ছবি: এআই সহায়তায় প্রণীত।

২. শসার রস

শসায় প্রায় ৯৬ শতাংশ জল থাকে। ত্বকের জলশূন্যতা দূর করার জন্য উপযুক্ত সব্জি এটি। শসা বেটে বা রস বের করে বরফ বানালে তা রোদে ক্লান্ত ত্বককে দ্রুত সতেজ করে। চোখের নীচের ফোলা ভাব কমাতেও এটি জনপ্রিয়।

৩. পুদিনাগুঁড়ো

পুদিনার গুঁড়ো বা পাতা বেটে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে বরফ তৈরি করা যায়। এর শীতল অনুভূতি গরমের দিনে ত্বককে আরাম দেয় এবং অতিরিক্ত তেলচিটে ভাব থেকে মুক্তি দিতে পারে।

ছবি: এআই সহায়তায় প্রণীত।

৪. অ্যালো ভেরা

ট্যান পড়া ত্বকের জন্য অ্যালো ভেরার জুড়ি মেলা ভার। ত্বকের বার্ধক্যরোধ থেকে জ্বালাপোড়া দূর করার জন্য অ্যালো ভেরার রস বার করে অল্প জলের সঙ্গে মিশিয়ে বরফের ট্রেতে জমিয়ে রাখুন। প্রয়োজনে গামছায় মুড়িয়ে বরফের ওই টুকরো ত্বকে প্রয়োগ করতে পারবেন।

৫. গ্রিন টি

অ্যান্টি-অক্সিড্যান্ট থাকার কারণে ত্বকের জন্য গ্রিন টি বেশ উপকারী। সামগ্রিক ভাবে ত্বক টানটান করে তুলতে, রোমছিদ্র বন্ধ করতে, উজ্জ্বল করে তুলতে এটি ব্যবহার করা যেতে পারে। গ্রিন টি-র পাতা দিয়ে চা বানিয়ে নিন। সেই চা ঠান্ডা হওয়ার পর বরফের ট্রেতে ভরে রাখুন। ওই কিউব দিয়েই গালে ঘষে নিতে হবে আলতো করে।

৬. হলুদ

ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য বহু বছর ধরেই হলুদ মাখা হয়। হলুদের কারকিউমিন ত্বকের ব্রণ, দাগ-ছোপ কমানোর জন্যও খুব কার্যকরী। আর তাই কাঁচা হলুদ বেটে তার রস বার করে অল্প জলের সঙ্গে মিশিয়ে বরফ বানিয়ে নিতে পারেন। কাজে লাগবে ত্বকচর্চায়।

ছবি: এআই সহায়তায় প্রণীত।

৭. তরমুজের রস

গরমকালে এই ফলটি খেলে যেমন আরাম বোধ হয়, তেমনই তা ত্বকেও আরাম দিতে পারে। তরমুজ থেকে রস বার করে বরফ বানিয়ে নিন। ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য এবং গরমে ক্লান্ত মুখে সতেজতা আনতে এটি ব্যবহার করা যেতে পারে।

Ice Cubes Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy