Advertisement
E-Paper

পেঁয়াজের রস মেখেও চুল গজাচ্ছে না? সঠিক পদ্ধতিতে বানাচ্ছেন তো? কী ভাবে তৈরি করলে উপকার হবে

নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করার পরেও অনেকের চুল পড়া কমে না বা চুল নতুন করে গজায় না। তখন প্রশ্ন ওঠে, পেঁয়াজের রস কি আদৌ কাজ করে? না কি কোথাও ভুল হচ্ছে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১২:১৩
পেঁয়াজের রস কী ভাবে বানানো উচিত?

পেঁয়াজের রস কী ভাবে বানানো উচিত? ছবি: এআই সহায়তায় প্রণীত।

চুল পড়া শুরু হলেই অনেকের প্রথম ভরসা পেঁয়াজের রস। যাঁদের ইতিমধ্যেই চুল পড়ে গিয়ে টাক দেখা দিচ্ছে, তাঁরাও এই আনাজ ব্যবহার করা শুরু করেন। সমাজমাধ্যমে অসংখ্য ভিডিয়ো, ঘরোয়া টোটকা এবং সৌন্দর্যচর্চার নানা পরামর্শে পেঁয়াজের রসকে প্রায় অলৌকিক সমাধান হিসেবে তুলে ধরা হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করার পরেও অনেকের চুল পড়া কমে না বা নতুন করে চুল গজায় না। তখন প্রশ্ন ওঠে, পেঁয়াজের রস কি আদৌ কাজ করে? না কি কোথাও ভুল হচ্ছে?

কিন্তু পেঁয়াজের রসে তো সত্যিই নানাবিধ গুণ রয়েছে! এতে রয়েছে কোয়ারসেটিন, যা চুলের সুস্বাস্থ্যের মেয়াদ বাড়াতে পারে। ও দিকে সালফার চুলে কেরাটিন নামের প্রোটিন তৈরি করতে পারে। চুলের ভাঙন ধরা বন্ধ করার জন্য ভিটামিন সি-ও রয়েছে। একাধিক গবেষণায় দাবি করা হয়েছে যে, পেঁয়াজের রস ব্যবহার করে অনেকে উপকৃত হতে পারেন। চুল গজানোর জন্য মাথার ত্বকে অনুকূল পরিবেশ তৈরি করা থেকে শুরু করে চুলের সামগ্রিক স্বাস্থ্যরক্ষার জন্য এটি কার্যকরী।

কী ভাবে মাখবেন পেঁয়াজের রস?

কী ভাবে মাখবেন পেঁয়াজের রস? ছবি: সংগৃহীত

তবে সমস্যাটা বেশির ভাগ সময়ে পেঁয়াজের রসে নয়, বরং প্রত্যাশা এবং ব্যবহারের পদ্ধতিতে। পেঁয়াজে সালফার জাতীয় উপাদান ও কিছু অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় এটি মাথার ত্বকের স্বাস্থ্যে সাহায্য করতে পারে বটে, তবে চুল পড়ার মূল কারণ যদি শরীরের ভিতরে লুকিয়ে থাকে, তা হলে শুধু পেঁয়াজের রস দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়।

কী কী কারণে চুল পড়তে পারে?

অনেক ক্ষেত্রে আয়রনের ঘাটতি, প্রোটিনের অভাব, ভিটামিন ডি-এর স্বল্পতা, হরমোনের সমস্যা, মানসিক চাপ বা অনিয়মিত জীবনযাপন চুল পড়ার জন্য দায়ী হতে পারে। পেঁয়াজের রস মাথার ত্বকের উপর কাজ করলেও এই অভ্যন্তরীণ সমস্যাগুলি দূর করতে পারে না।

তবে পেঁয়াজের রস ব্যবহারেও ভুল থেকে যেতে পারে। অনেকেই পেঁয়াজ বেটে ঘন মিশ্রণ সরাসরি মাথায় লাগান। এতে পেঁয়াজের কণা চুলের গোড়ায় জমে গিয়ে রোমকূপ বন্ধ করতে পারে এবং মাথার ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে। টাটকা এবং ভাল ভাবে ছেঁকে নেওয়া রস ব্যবহার উচিত। সে ক্ষেত্রে এক বিশেষ উপায়ে বানাতে পারেন এটি।

পেঁয়াজের রস বানানোর প্রস্তুতপ্রণালী

· টাটকা ২-৩টি পেঁয়াজ মিহি করে বেটে নিন।

· তার পর সমস্ত আঁশ ছাড়িয়ে রসটুকু ছেঁকে নিতে হবে। এর জন্য নরম কাপড় ব্যবহার করা যেতে পারে।

· এ বার ওই রসে ২টি রোজ়মেরি ও ৫টি লবঙ্গ মিশিয়ে দিন।

· ভাল ভাবে নাড়াচাড়া করে নিন।

· স্প্রে বোতলে ভরে নিয়ে মাথার ত্বকে ব্যবহার করুন। বিশেষ করে যে জায়গাগুলিতে টাকের পরিস্থিতি তৈরি হয়েছে।

এতে চুলের সামগ্রিক স্বাস্থ্য ভাল হতে পারে। এর উপাদানগুলিতে পুষ্ট হবে চুলের গোড়া, মাথার ত্বক। তবে মাথায় রাখতে হবে, পেঁয়াজের রস কারও কারও ক্ষেত্রে মাথার ত্বকের স্বাস্থ্যে সাহায্য করতে পারে, কিন্তু এটি কোনও জাদুকরী সমাধান নয়। চুল পড়ার সমস্যা যদি শরীরের ভিতরের কারণে হয়, তা হলে তার চিকিৎসাও ভিতর থেকেই শুরু করতে হবে।

Onion Juice Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy