Advertisement
E-Paper

ফেলুদা, ব্যোমকেশের পরে এ বার নতুন গোয়েন্দা চরিত্রে পরমব্রত? বড়পর্দা না সিরিজ়, কোন মাধ্যমে দেখা যাবে তাঁকে

বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দাদের মধ্যে দু’জন— ফেলুদা এবং ব্যোমকেশ বক্সী। দুই চরিত্রে অভিনয় করেই বিপুল ভালবাসা পেয়েছিলেন পরমব্রত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১২:১১
নতুন গোয়েন্দা চরিত্রে পরমব্রত?

নতুন গোয়েন্দা চরিত্রে পরমব্রত? ছবি: সংগৃহীত।

গোয়েন্দা চরিত্রের সঙ্গে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের যোগ অনেক দিনের। এক দিকে তাঁকে যেমন গোয়েন্দা হিসাবে দেখেছে দর্শক। তেমনই আবার গোয়েন্দা গল্পে পরিচালক হিসাবেও দেখেছে। শোনা যাচ্ছে, ব্যোমকেশ, ফেলুদার পরে পরমব্রত নাকি এ বার নতুন গোয়েন্দা সেজে ফিরছেন। তবে বড়পর্দায় নয়, নতুন গোয়েন্দাকে নাকি দর্শক দেখবে এ বার ওয়েব সিরিজ়ে।

বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দাদের মধ্যে দু’জন— ফেলুদা এবং ব্যোমকেশ বক্সী। দুই চরিত্রে অভিনয় করেই বিপুল ভালবাসা পেয়েছিলেন পরমব্রত। সত্যজিৎ রায়ের সৃষ্ট ফেলুদা চরিত্রটি বুদ্ধিমত্তা, পর্যবেক্ষণ ক্ষমতা এবং যুক্তিবাদী মননের জন্য বিখ্যাত। আবার অন্য দিকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট ব্যোমকেশকে সাধারণ গোয়েন্দা নয়, ‘সত্যান্বেষী’ বলা হয়।

‘সাবাশ ফেলুদা’ সিরিজ়ে ব্যোমকেশ হিসাবে দেখা গিয়েছিল পরমব্রতকে। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, নতুন সিরিজ়ে অভিনেতাকে দেখা যাবে গোয়েন্দা আদিত্যনাথ মজুমদারের চরিত্রে। পরিচালনার দায়িত্বে নাকি রয়েছেন অরিত্র সেন। বিস্তারিত জানতে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগের চেষ্টা করা হয় পরিচালকের সঙ্গে। কিন্তু কোনও উত্তর মেলেনি। শোনা যাচ্ছে, এই সিরিজ় নাকি দেখা যাবে হইচই-এ। প্রযোজনার দায়িত্বে নাকি থাকবে ‘রোড শো প্রোডাকশন’। কিন্তু এখনও প্রযোজনা সংস্থা, অভিনেতা বা ‘হইচই’-এর তরফে কোনও ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, শুধু গোয়েন্দা চরিত্রে অভিনয় নয়, পরিচালনাও করেছেন তিনি। উল্লেখযোগ্য ভাবে তিনি ‘সাবাশ ফেলুদা’ সিরিজ়ের পরিচালক ছিলেন। ‘গ্যাংটকে গন্ডগোল’ এবং ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ অবলম্বনে নির্মিত করা হয়েছিল সিরিজ়টি। চূড়ান্ত ঘোষণা না হলেও ফেলুদা, ব্যোমকেশ এবং সোনাদা’র পৃথিবীতে নতুন গোয়েন্দা আদিত্য কী ভাবে নিজের জায়গা তৈরি করে সেটাই দেখার।

Tollywood New Web series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy