Advertisement
E-Paper

কত বছর বয়স থেকে শিশুদের সানস্ক্রিন মাখানো জরুরি? কেনার আগে কী কী যাচাই করতে হবে?

সানস্ক্রিন যে কেবল ট্যান পড়ার হাত থেকে রেহাই দেয়, তা নয়। সূর্যের অতিবেগনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করাই সানস্ক্রিনের মূল কাজ। সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের ক্যানসারের ঝুঁকি কমে, এ ছাড়া ত্বকে অকালে বয়সের ছাপও পড়ে না। বড়রা ব্যবহার করলেও শিশুদের জন্য কিন্তু সানস্ক্রিন অনেক অভিভাবকই ব্যবহার করেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১০:০১
Tips you should keep in mind while applying sunscreen on kids skin

শিশুদের জন্যেও জরুরি সানস্ক্রিন। ছবি: এআই সহায়তায় প্রণীত।

ত্বক পরিচর্যার অন্যতম গুরুত্বপূর্ণ প্রসাধনী হল সানস্ক্রিন। চিকিৎসকদের মতে, কেবল মেয়েদেরই নয়, শীত-গ্রীষ্ম-বর্ষা— যে কোনও মরসুমেই বাইরে বেরোনোর আগে ছেলেদেরও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন যে কেবল ট্যান পড়ার হাত থেকে রেহাই দেয় এমন নয়, সূর্যের অতিবেগনি রশ্মি ইউভিএ (আলট্রা ভায়োলেট রশ্মি এ) এবং ইউভিবি (আলট্রা ভায়োলেট রশ্মি বি)-র ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করাই সানস্ক্রিনের মূল কাজ। সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের ক্যানসারের ঝুঁকি কমে, এ ছাড়া ত্বকে অকালে বয়সের ছাপও পড়ে না। বড়রা ব্যবহার করলেও শিশুদের জন্য কিন্তু সানস্ক্রিন অনেক অভিভাবকই ব্যবহার করেন না।

কোন বয়স থেকে শিশুদের জন্য সানস্ক্রিন ব্যবহার করবেন?

ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্‌স আর আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্‌স-এর পরামর্শ অনুযায়ী, ৬ মাসের পর থেকেই শিশুদের ত্বকে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে।

সব সময় কি সানস্ক্রিন ব্যবহার করা উচিত?

অনেক শিশুর ত্বক কিন্তু ফোটোসেনসিটিভ অর্থাৎ রোদে বেরোলেই র‌্যাশ বেরিয়ে যায়। তাদের কিন্তু নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যে সব শিশু নিয়মিত রোদে বেরিয়ে খেলাধুলা অর্থাৎ ক্রিকেট, ফুটবল খেলে, তাদের জন্যও কিন্তু সানস্ক্রিন জরুরি। শিশুরা যদি ১ থেকে ২ ঘণ্টার বেশি রোদে থাকে, তা হলে কিন্তু সানস্ক্রিন মেখে নেওয়াই বাঞ্ছনীয়। এ ছাড়া পাহাড় কিংবা সমুদ্রের ধারে বেড়াতে গেলে অবশ্যই শিশুর ত্বকে সানস্ক্রিন ব্যবহার করতে ‌হবে। শীত-গ্রীষ্ম-বর্ষা, সব ঋতুতেই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

কী ভাবে বাছাই করবেন?

বাজারে অনেক সানস্ক্রিনই শিশুদের বলে চালানো হয়। কিন্তু সব সানস্ক্রিন মোটেও শিশুদের জন্য নয়। সানস্ক্রিন সাধারণত দু’ধরনের হয়। মিনারেল সানস্ক্রিনে জ়িঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাইঅক্সাইড থাকে, যা শিশুদের জন্য ব্যবহারোপযোগী। তবে কেমিক্যাল সানস্ক্রিন কিন্তু শিশুদের ত্বকে ব্যবহার করা যায় না। কেমিক্যাল সানস্ক্রিনে প্যারা-অ্যামাইনোবেঞ্জোয়িক অ্যাসিড, সিনামেট, অক্সিবেঞ্জো আর অ্যালকোহলের মতো উপাদান থাকে। সানস্ক্রিন কেনার আগে দেখে নেবেন, তাতে এই উপাদানগুলি যাতে না থাকে। এসপিএফ (সান প্রোটেকশন ফ্যাক্টর)-এর মাত্রা যেন ৩০ অথবা তার থেকে বেশি থাকে, সে দিকটায় নজর দিতে হবে।

কী ভাবে ব্যবহার করবেন?

বাইরে বেরোনোর অন্তত ২০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। পোশাক পরার পর যে জায়গাগুলি উন্মুক্ত থাকে, সে সব জায়গাতেই সানস্ক্রিন মাখতে হবে। প্রত্যেক দু’ঘণ্টা অন্তর অন্তর সানস্ক্রিন পুনর্ব্যবহার করতে হবে।

Usage of Sunscreen Sunscreen Kids
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy