পরিবেশ, আবহাওয়া এবং পরিস্থিতি— সব কিছু মাথায় রেখেই বদলায় ফ্যাশন। চারপাশের দুনিয়ায় পরিবর্তন এলে ফ্যাশনে তার প্রভাব পড়েই। উদাহরণ হিসাবে বলা যেতে পারে ২০২৫ সালের কথা। দুনিয়া জুড়ে যখন যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তখন ফ্যাশনের দুনিয়া জুড়ে রাজত্ব করেছে খয়েরি বা বাদামির নানা রকম শেড। মাটির রং। কারণ, মাটি হল অবলম্বন। দুনিয়া যখন অনিশ্চয়তায় তখন মাটির রংকেই আঁকড়ে দৈনিক জীবনে স্বস্তি খুঁজে পেয়েছেন কিছু মানুষ। ঠিক সেই ভাবেই আবহাওয়া বদলালেও মানুষ স্বস্তি খোঁজেন দৈনিক পোশাকের রঙে।
গোলার্ধের একটি বড় অংশে এখন গ্রীষ্মকাল। আর তপ্ত আবহাওয়ার প্রভাব পড়েছে পোশাক চয়নেও। ২০২৬ সালের গ্রীষ্মে কোন রঙে স্বস্তি পাচ্ছেন মানুষ? প্রতি বছরই ফ্যাশনদুনিয়ার কিছু সংস্থা এই রঙের প্রবণতায় নজর রাখে। সেই সমস্ত সংস্থার সমীক্ষায় দেখা যাচ্ছে। এবারের গ্রীষ্মে উজ্জ্বল ভাইব্র্যান্ট শেড এবং স্নিগ্ধ প্যাস্টেল রঙের ‘ফিউশন’ দেখা যাবে।
ইলেকট্রিক ওয়াসাবি
ওয়াসাবি হল এক ধরনের জাপানি কন্দ। যার স্বাদ নাক-কান দিয়ে ধোঁয়া বার করে দিতে পারে। রং উজ্জ্বল সবুজ। তবে ইলেকট্রিক ওয়াসাবি রংটি তার চেয়েও আরও অনেক বেশি উজ্জ্বল। খানিক নিয়ন রঙের মিলমিশ আছে তাতে। আর রঙের ওই বিশেষ শেডটি এবার ফ্যাশনের রানওয়েতে রাজত্ব করছে। এটি যেমন উজ্জ্বল, তেমনই সতেজ। গরমের দুপুরে কোনও সেমি-ফরম্যাল অনুষ্ঠান বা বন্ধুদের সঙ্গে আড্ডায় এই রঙের লিনেন কো-অর্ড সেট বা এ-লাইন ড্রেস পরলে যেমন বোল্ড স্টেটমেন্ট তৈরি করবে, তেমনই তরতাজাও দেখাবে।
ইলেকট্রিক ফুশিয়া
উজ্জ্বল বা বলা ভাল চড়া গোলাপি রং। গোলাপি রঙের সঙ্গে নারীত্বকে মেলানো হয়। কারণ, তার মধ্যে এক ধরনের নরম ভাব থাকে। কিন্তু ইলেকট্রিক ফুশিয়ার শুধু নমনীয়তা নয়, বরং একই সঙ্গে জোরালো আর শক্তিশালী হওয়ার বার্তা দেয়। রাতের কোনও পার্টি বা বিয়ের অনুষ্ঠানে ইলেকট্রিক ফুসিয়া রঙের শাড়ি বা ফ্লোয়িং গাউন হতে পারে আপনার পছন্দ। এই রং আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে।
সফ্ট মিন্ট গ্রিন
গরমের কাঠফাটা দুপুরে এক ঝলক ঠান্ডা হাওয়ার মতো রং। মিন্ট গ্রিন এমনিতেই মনে এক ধরনের শীতল অনুভূতি আনে। সফ্ট মিন্টে সেই রঙের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কিছুটা সাদা। তাতে যে রংটি তৈরি হয়, তাতে শুধু ঠান্ডা ভাব নয়, খানিক আরামদায়ক নরম ভাবও আসে। শেডটি মূলত ক্যাজুয়াল পোশাকের জন্য উপযুক্ত। শর্ট কুর্তা বা হালকা সুতির জামদানি শাড়ি, ওভার সাইজ়ড টি-শার্টে এই রং থাকলে আপনার দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছে করবে না।
ক্যারামেল
চিনিকে ফুটিয়ে লালচে করার পরে যে অদ্ভুত ধোঁয়াটে এবং খানিক চকোলেটের মতো স্বাদের আঠালো তরল তৈরি হয়, তা-ই ক্যারামেল। এর রং বাদামির একটি ধরন, তবে তাতে খানিক বাড়তি ঔজ্জ্বল্য থাকে। পোশাকে ওই রং খয়েরি মাটির ছোঁয়া বা ‘আর্দি ভাইব’ আনে। যেহেতু এটি একটি নিউট্রাল শেড, তাই অন্য রঙের সঙ্গেও সহজেই মানিয়ে যায়। যাঁরা গয়না বা অ্যাকসেসরিজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান, তাঁরা বেস কালার হিসেবে ক্যারামেল বেছে নিতে পারেন। এটি সম্পূর্ণ সাজকে এক ধরনের আভিজাত্য দেবে।
টম্যাটো রেড
গ্রীষ্ম উষ্ণ। তবে টম্যাটোর উষ্ণ লাল তার পরেও ব্রাত্য নয় এ বছরের গরমের ফ্যাশনে। আসলে যে কোনও প্রাকৃতিক রঙেই এক ধরনের সজীব, তরতাজা ভাব মিশে থাকে। টম্যাটো রেডও তাই গরমের হট ট্রেন্ড হয়ে উঠেছে। যাঁরা সাহসী রঙে নিজেকে সাজাতে ভালোবাসেন, তাঁরা আলমারিতে অবশ্যই একটি টম্যাটো রেড রঙের পোশাক রাখুন। লাল রঙের এই উজ্জ্বল শেডটি যে কোনও ত্বকের রঙেই সুন্দর মানিয়ে যায় এবং নজর কাড়ে।
ডিপ অ্যাকোয়া গ্রিন
সমুদ্রের নীল জলরাশির গভীরতা ধরা পড়েছে এই রঙে। মে মাসের ভ্যাপসা গরমে ঝাঁঝাঁ রোদে এমন একটি রং চোখের সামনে দেখলে মুহূর্তে চোখ শান্তি পায়। লিনেন প্যান্ট বা ওভারসাইজড শার্টে এই রঙের ব্যবহার জেন-জ়িদের মধ্যেও অত্যন্ত জনপ্রিয়। এটি একাধারে স্টাইলিশ দেখাবে আবার প্রকৃতির সঙ্গে জুড়েও রাখবে।
পেল বানানা
ফ্যাকাশে হলুদ কলার খোসার রং। প্যাস্টেল হলুদের একটি অন্য রকম সংস্করণ হল— পেল বানানা। গরমে এমনিতেই প্যাস্টেল রঙের প্রতি ঝোঁক বাড়ে। চেনা হালকা গোলাপি কিংবা পাউডার ব্লু-এর ভিড়ে এই পেল বানানা রংটি আলাদা করে নজর কাড়বে। গ্রীষ্মকালীন ফ্লোরাল প্রিন্ট বা হালকা সুতির পোশাকে এই রংটি ব্যবহার করলে অনেক বেশি ‘চিয়ারফুল’ দেখাবে। ইতিবাচক মেজাজ তৈরি করবে আশপাশে। এই মরসুমের অন্যতম মন ভাল করা রং হল পেল বানানা।
ট্রান্সফরমেটিভ টিল
নীল আর সবুজের এক মায়াবী মিশ্রণ হল ট্রান্সফরমেটিভ টিল। এটি এমন এক রং যা দিন এবং রাত— যে কোনও সময়েই পরা যেতে পারে। যাঁরা একটু ড্রামাটিক অথচ রুচিশীল সাজ পছন্দ করেন, তাঁদের জন্য এই শেডটি খুব ভাল। সিল্ক বা সাটিন কাপড়ে এই রঙের জেল্লা বহু গুণ বেড়ে যায়। তবে চাইলে কেউ নেলপলিশ, গয়না, জুতো, ব্যাগে কিংবা অন্য অ্যাকসেসরিজ়েও এই রঙের ব্যবহার করতে পারেন।
হোয়াইট ওনিক্স
সাদা কিন্তু সাদা নয়। এই রং দেখতে অনেকটা শ্বেত মর্মরের মতো। যেখানে সাদায় কখনও ভেজা স্বচ্ছ ভাব, কখনও তার উপর ক্রিম কিংবা ধূসর বা খুব হালকা বাদামির আঁকিবুঁকি। এ বারের গরমের ফ্যাশনে সেই ‘শ্বেত পাথরের সাদা’রই জয়জয়কার। ধবধবে সাদা ছেড়ে পাথুরে সাদা বেছে নিচ্ছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডগুলি। গরমের দিনে অল-হোয়াইট লুকে এই রংটি ব্যবহার করলে সাজ হবে অনেক বেশি পরিচ্ছন্ন। ফুটে উঠবে আভিজাত্যে পূর্ণ ব্যক্তিত্বের ঝলক।
সেজ গ্রিন
সেজ হল রান্নায় ব্যবহৃত এক ধরনের ভেষজ। তার পাতার সবুজ রঙে এক অদ্ভুত ধূসর নরম স্নিগ্ধতা থাকে। যাঁরা খুব বেশি জাঁকজমক পছন্দ করেন না, তাদের জন্য এই ধূসর-সবুজ রং আদর্শ। অফিসিয়াল মিটিং হোক বা যে কোনও ক্যাজ়ুয়াল আউটিংয়ের জন্য এই রঙের পোশাক বেছে নিলে তা অত্যন্ত মার্জিত দেখায়। সাদা, ক্রিম বা বেজ় রঙের ট্রাউজ়ার্সের সঙ্গে এই রঙের বৈপরীত্য সাজে এক রকম শান্ত ভাব আনবে।