যা গরম পড়েছে, তাতে মেকআপ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখা একটি চ্যালেঞ্জই বটে! রূপটানশিল্পীরা সকলেই বলছেন, গরমের সময় এমন মেকআপ ব্যবহার করুন, যা জলনিরোধী বা ওয়াটারপ্রুফ। গরমের দিনে চোখের সাজ যেন না বিগড়ে যায়, তার জন্য জলনিরোধী বা ওয়াটারপ্রুফ মাস্কারার ব্যবহার জরুরি। এই ধরনের মাস্কারা এক বার ব্যবহার করলে আর ঘামের কারণে চোখের মেকআপ উঠে যাওয়ার ভয় নেই। মেকআপ উঠে যাওয়ার ভয় হয়তো নেই, কিন্তু বিপদ রয়েছে অন্য দিকে। দিন দিন চোখের পল্লব যে পাতলা হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু দায়ী হতে পারে এই ওয়াটারপ্রুফ মাস্কারাই।
ওয়াটারপ্রুফ মাস্কারায় মোম, সিলিকন এবং ফিল্ম-ফর্মিং বা আবরণ সৃষ্টিকারক এমন কিছু উপাদান থাকে, যা চোখের পল্লবের উপর একটি শক্ত ও জলনিরোধী আস্তরণ তৈরি করে। চোখের পল্লবের নমনীয়তা বজায় রাখার জন্য আর্দ্রতার প্রয়োজন হয়, কিন্তু জলনিরোধী মাস্কারার প্রলেপ থাকার কারণে সেগুলি বেশির ভাগ সময়ই খুবই শুষ্ক থাকে আর সেই কারণেই ঝরে পড়ে।
তা হলে উপায়?
খুব বেশি ক্ষণ এই ধরনের মাস্কারা পরে না থাকাই ভাল। আর সবচেয়ে জরুরি হল, মাস্কারাটি খুব ভাল করে পরিষ্কার করা। তবে এই কাজটি মোটেও সহজ নয়। ওয়াটারপ্রুফ মাস্কারার ফর্মুলাটি এমন ভাবেই তৈরি করা হয়, যা খুব সহজে ওঠে না। এই মাস্কারা তোলার সময়,অনেক ক্ষণ কসরত করতে হয়, তোলার সময় বেশ খানিক ক্ষণ ঘষাষষি করতে হয়। ফলস্বরূপ বেশি মাত্রায় পল্লব ঝরতে শুরু করে। অনেকে এই ঝক্কি এড়াতে মাস্কারা না তুলেই ঘুমিয়ে পড়েন, এই অভ্যাস আরও খারাপ। এতে আরও বেশি চোখের পল্লব ঝরতে শুরু করে।
ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহারের ক্ষেত্রে মূল সমাধান হল এমন পণ্য বেছে নেওয়া, যা চোখের পল্লবের কোনও ক্ষতি করবে না। এ ক্ষেত্রে তেল-ভিত্তিক বা অয়েল বেস্ড রিমুভার ব্যবহার করা সবচেয়ে ভাল। এগুলি খুব তাড়াতাড়ি ওয়াটারপ্রুফ মেকআপ তুলে ফেলতে সক্ষম। এ ক্ষেত্রে মাস্কারা তোলার সময় চোখের উপর জোরে ঘষার প্রয়োজন পড়বে না। নীচে একটি মেকআপ রিমুভারের তালিকা দেওয়া হল, যেগুলি ব্যবহার করলে ওয়াটারপ্রুফ মাস্কারা তুলে ফেলা আর মোটেই ঝক্কির মনে হবে না।
১) বায়োডার্মা সেন্সিবায়ো এইচ২ও মাইসেলার ওয়াটার (দাম ৭৬৪ টাকা)
২) নিউট্রোজেনা অয়েল-ফ্রি আই মেকআপ রিমুভার (দাম ১২১৩ টাকা)
৩) গার্নিয়ার মাইসেলার ওয়াটার ফর ওয়াটারপ্রুফ মেকআপ, হাইড্রেটিং ফেসিয়াল ক্লিনজার ও মেকআপ রিমুভার (দাম ২৩৭৩ টাকা)
৪) ল্যানকোম বাই-ফ্যাসিল ডাবল-অ্যাকশন আই মেকআপ রিমুভার (দাম ৩,৫০০ টাকা)
৫) ফার্মাসি বিউটি গ্রিন ক্লিন মেকআপ রিমুভিং ক্লিনজ়িং বাম (দাম ৪৩৫০ টাকা)