Advertisement
E-Paper

ঘন চুলের আশায় শিশুর মাথায় রোজ তেলমালিশ করছেন? লাভ হচ্ছে না কি বৃথাই পরিশ্রম?

স্নানের আগে শিশুর মাথায় বেশি করে তেল দিয়ে মালিশ করেন অনেক অভিভাবকই। তাঁদের ধারণা, যত তেলমালিশ করানো হবে, ততই ঘন হবে শিশুর চুল। তবে রোজ তেলমালিশ করানোর অভ্যাস কি আদৌ ভাল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪২
তেলা মাথায় তেল দিয়ে কোনও লাভ হচ্ছে কি?

তেলা মাথায় তেল দিয়ে কোনও লাভ হচ্ছে কি? ছবি: সংগৃহীত।

শিশুর শরীরে তেলমালিশ করার চল অনেক বাড়িতেই আছে। শীতকালে এই চল বাড়লেও, সারা বছর ধরেই দিনে অন্তত এক বার তেল দিয়ে মালিশ করা হয় শিশুদের। এর পাশাপাশি স্নানের আগে শিশুর মাথায় বেশি করে তেল দিয়ে মালিশ করেন অনেক অভিভাবকই। তাঁদের ধারণা, যত তেলমালিশ করানো হয়, ততই ঘন হবে শিশুর চুল। তবে রোজ তেলমালিশ করানোর অভ্যাস কি আদৌ ভাল?

শিশুরোগ চিকিৎসক সুদীপ্ত করের মতে, অনেক বাবা-মা-ই ভাবেন তেল মাখলে তবেই শিশুর চুলের দৈর্ঘ্য বাড়বে, চুল ঘন হবে, এমনকি চুলে চকচকে ভাব আসবে। অনেকের ধারণা, তেল না দিলে মাথার ত্বক শুষ্ক হয়ে পড়বে। ফলে, সমস্ত চুল উঠে যাবে। সুদীপ্ত বলেন, ‘‘শিশুর চুলের বৃদ্ধি কতটা হবে, চুল ঘন হবে কি না, চুল সোজা হবে না কোঁকড়ানো হবে— পুরোটাই নির্ভর করে তার জিনের উপর। কোনও তেলেরই চুল ঘন করার ক্ষমতা নেই। মাথার ত্বকে এমনিতেই তৈলগ্রন্থি থাকে। মাথার ত্বকের প্রতিটি হেয়ার ফলিকিউলের মধ্যে সিবেসিয়াস গ্রন্থি থাকে, যার থেকে সেবাম নামক তৈলাক্ত পদার্থের ক্ষরণ হয়। এই সেবামই মাথার ত্বকের শুষ্কতা দূর করে স্থানটিকে আর্দ্র রাখে, এর পাশাপাশি চুলের যেটুকু তেলের প্রয়োজন তার জোগান দেয়।’’

চিকিৎসকের মতে, চুলে বাইরে থেকে তেল দেওয়া হলে তা অতিরিক্ত, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া ছাড়া আর কিছুই নয়। তাই শিশুর মাথায় আলাদা করে তেল মাখানোর কোনও প্রয়োজন নেই। তবে অনেক অভিভাবকই তেলের মোহ ত্যাগ করতে পারেন না। তাঁদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ, সপ্তাহে দু’দিনের বেশি শিশুর মাথায় তেল ব্যবহার করবেন না। তেল ব্যবহার করলে কেবল মাত্র কোল্ড প্রেস ভার্জিন নারকেল তেল ব্যবহার করুন। শিশুকে তেল মাখিয়ে বেশি ক্ষণ ফেলে রাখার দরকার নেই। যে দিন শিশুকে শ্যাম্পু করাবেন, তার আগেই শিশুর মাথায় তেল দিন।

Hair oil massage Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy