লুচি হোক বা ভাত, তার সঙ্গে বোঁটা-সহ লম্বা করে কাটা বেগুনভাজার সঙ্গত দারুণ জমে। রুটি, পরোটার সঙ্গে খাওয়ার জন্য রয়েছে ভর্তাও। বেগুন দিয়ে রান্না করা যায়, এমন পদও নেহাত কম নয়।
তবে বেগুনভাজা কত রকমের হয়, তা জানা আছে কি? বেগুন যদি টাটকা, স্বাদু হয়, তা হলে নুন-হলুদ দিয়ে ভাজলেই যথেষ্ট। তবে ভারতের নানা প্রান্তে বেগুনভাজারও ধরন রয়েছে। স্বাদ বৃদ্ধিতে তাতে জোড়া হয় রকমারি মশলাও। কী ভাবে তা বানায়?
রসুন দিয়ে বেগুন ভাজা
রসুন দিয়ে বেগুন ভাজা। ছবি:সংগৃহীত।
বোঁটা-সহ বেগুন লম্বা করে কেটে নিন বেগুনির মতো করে, তবে তা যেন খানিকটা পুরু হয়। বেগুনের সাদা অংশ ছুরি দিয়ে অল্প চিরে দিতে হবে, যাতে মশলা ভিতর পর্যন্ত যায়।
মিক্সারে রসুন, কাশ্মীরি লাল লঙ্কা, গোটা ধনে, নুন, এবং সর্ষের তেল দিয়ে ঘুরিয়ে নিন। মিশ্রণটি বেগুনের দুই পিঠে ভাল করে মাখিয়ে ননস্টিক তাওয়ায় উল্টে-পাল্টে ভেজে নিন। আঁচ কমিয়ে ভাজতে হবে, না হলে মশলা পুড়ে যাবে।
পুর ভরা বেগুন ভাজা
পুর ভরা বেগুন ভাজা। ছবি:সংগৃহীত।
দক্ষিণ ভারত-সহ দেশের নানা প্রান্তেই পুর ভরে বেগুনভাজা খাওয়ার চল রয়েছে। এ জন্য লাগবে ছোট বেগুন। বোঁটা-সহ বেগুন নিয়ে সেটি চার ফালি করে নিন। তবে বেগুনের বোঁটার উপরের অংশ জোড়া থাকবে। বেগুন নুনজলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভিতরে পোকা থাকলে বেরিয়ে যাবে।
পুরের জন্য ১ টেবিল চামচ ধনে, ১ টেবিল চামচ জিরে, কিছুটা নারকেলের টুকরো, ২-৩টি লাল শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন শুকনো খোলায় নাড়িয়ে মিক্সারে দিন। যোগ করুন গরমমশলার গুঁড়ো, সর্ষের তেল এবং ধনেপাতা। মিক্সারে সব উপকরণ ঘুরিয়ে নিন।
বেগুন তেলে ভেজে নিন, যতক্ষণ না হালকা নরম হচ্ছে। ভিতরে পুর ভরে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, কারিপাতা ফোড়ন দিন। পেঁয়াজকুচি হালকা ভেজে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যোগ করুন। পুর ভরা বেগুন মিনিট ২-৩ পেঁয়াজের সঙ্গে ভেজে নিন।
ডিম দিয়ে বেগুন ভাজা
ডিম দিয়েও বেগুন ভাজা করা যায়। ছবি:সংগৃহীত।
বেগুন একটু মোটা এবং চাকা করে কেটে নিন। গোল বেগুনের মধ্যে ছোট গ্লাস বসিয়ে গোল করে কেটে নিন সাদা অংশটি। যে সাদা অংশটি পাওয়া গেল, সেটি ছোট ছোট করে কুচিয়ে নিন। ডিম ফেটিয়ে পেঁয়াজ, লঙ্কা কুচি নিন। যোগ করুন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং কুচোনো বেগুন।
কড়াইয়ে তেল দিয়ে রিংয়ের মতো বেগুনটি রাখুন। মাঝের ফাঁকা গোলাকার অংশে ঢেলে দিন গুলে রাখা ডিম। আঁচ কমিয়ে ধীরে ভাজতে হবে। এক পিঠ ভাজা হলে সাবধানে অন্য পিঠও ভেজে নিন।