ইট-কাঠে বন্দি জীবন। জানলা দিয়ে বাইরে তাকালে কংক্রিটই চোখে পড়ে। প্রযুক্তির ভারে প্রকৃতি ক্রমশ দূরবর্তী হচ্ছে। তাই সবুজ দেখার জন্য শহুরে মানুষের বাড়ির ছাদ-বারান্দা কিংবা জানলার ছোট্ট একটি কোণই ভরসা। বাড়ির লাগোয়া একটি কিচেন গার্ডেন বানাতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করেন শহুরে মানুষজন। তবে গাছ লাগানোও তো মুখের কথা নয়। সন্তানের মতো তাদেরও যত্নআত্তি করতে হয় নিয়মিত। তবেই না লকলকে সবুজ শাখা মাথা তুলবে। দিনের শেষে বিষাদ আর ক্লান্তি ভরা চোখে যখন তাদের দিকে চাইবেন, তখন সতেজ পাতা, রঙিন ফুল কিছু ক্ষণের জন্য হালকা করবে মন।
যাঁরা গাছের যত্ন নেওয়ার সময় পাবেন না বলে ইচ্ছে থাকলেও বাড়িতে গাছ রাখেন না, তাঁদের ইচ্ছপূরণ করতে পারে কিছু আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট যন্ত্র।
স্মার্ট ইনডোর গার্ডেন মেশিন
যাদের বাড়িতে পর্যাপ্ত সূর্যালোক বা বারান্দা নেই, অথচ বাগান করতে চান, তাদের জন্য এই স্মার্ট ইনডোর গার্ডেন মেশিন হতে পারে শখপূরণের চাবিকাঠি। এটি একাধারে যেমন সূর্যের আলোর অভাবপূরণ করতে পারে, তেমনই কিছু কিছু গাছের ক্ষেত্রে মাটির বিকল্প ব্যবস্থাও করতে পারে। এমনকি, এটি বাড়িতে থাকলে গাছে নিয়ম করে জল দেওয়ার ভাবনাও ভাবতে হবে না।
কী কী সুবিধা রয়েছে— ১. এতে রয়েছে কৃত্রিম সূর্যালোকের ব্যবস্থা ‘এলইডি গ্রো-লাইট’। এমন এক আলো, যা সূর্যাালোক ছাড়াই গাছকে সালোকসংশ্লেষে সাহায্য করবে। ২. মাটি না থাকলেও বাড়িতে চাষ করা যাবে ধনেপাতা, পুদিনা বা লেটুস। ‘হাইড্রোপনিক’ পদ্ধতিতে শুধু জলে পুষ্টি মিশিয়েই ওই চাষে সাহায্য করবে যন্ত্রটি। ৩. স্বয়ংক্রিয়ভাবে গাছে জল ও আলো দেওয়ার ব্যবস্থাও রয়েছে এতে, তাই রক্ষণাবেক্ষণের চিন্তা নেই।
ইলেকট্রিক ফুড ওয়েস্ট কম্পোস্ট মেশিন
এক দিকে রান্নাঘরের বর্জ্য সাফ করবে। ফেলে দেওয়া, পচে যাওয়া সবজি বা তার খোসা থেকে যে দুর্গন্ধ এবং দূষণ ছড়ায়, তার সমাধান হবে। অন্য দিকে আবার সেই বর্জ্য থেকে জৈব সারও তৈরি করবে ইলেকট্রিক ফুড ওয়েস্ট কম্পোস্ট মেশিন। পুরোটাই হবে সম্পূর্ণ দুর্গন্ধহীন এবং শব্দহীন একটি প্রক্রিয়ায়। মাত্র ৩-৫ ঘণ্টার মধ্যে। তাপ এবং চাপের মাধ্যমে রান্নাঘরের জৈব বর্জ্যকে শুকিয়ে গুঁড়ো করে ফেলে, তা থেকে উচ্চমানের জৈব সার তৈরি হয়ে যাবে। যা বাড়ির বাগানে ব্যবহার করতে পারবেন।
স্মার্ট ড্রিপ ইরিগেশন কিট
বেড়াতে গেলেও শখের গাছ না খেয়ে শুকিয়ে যাবে না। ব্যস্ততার জন্য যদি কোনও দিন গাছে জল দেওয়ার সময় না পান, তাতেও অসুবিধা নেই। স্মার্ট ড্রিপ ইরিগেশন কিট গাছকে জল দিয়ে বাঁচিয়ে রাখবে। এ যন্ত্রটি তাঁদের জন্য আদর্শ, যাঁরা গাছ ভালবাসেন অথচ দিনের বেশির ভাগ সময়ে বাড়ির বাইরে থাকায় প্রতি দিন গাছে জল দেওয়ার সময় পান না। ওয়াইফাই চালিত এই যন্ত্র তাঁদের অনুপস্থিতিতেও গাছে জল দেওয়ার কাজ করবে। শুধু স্মার্টফোনের বিশেষ অ্যাপ দিয়ে আপনাকে ঠিক করে দিতে হবে, কোন গাছ কতটুকু জল পাবে। সেই বুঝে প্রতিটি গাছে তার প্রয়োজন মাফিক জল দেবে এই যন্ত্র। এতে সেন্সর থাকায় এটি মাটির আর্দ্রতা মেপে বুঝে নেয়, জল দেওয়ার প্রয়োজন আছে কি না। তার পরে প্রয়োজন বুঝে জল দেয়। ফলে অপচয় হয় না এবং গাছও সতেজ থাকে।