বাড়ি লাগোয়া বাগান দেখতে ভাল লাগলেও, শহরাঞ্চলে সেই সুযোগ কার্যত মেলেই না। কারণ, জায়গার অভাব। গাছ লাগাতে হলে হয় ফ্ল্যাটের ছোট্ট বারান্দা না হলে ছাদই ভরসা। ছাদে বাগান করাই যায়। তবে বাগান তৈরির কৌশলে ভুলভ্রান্তি হলে, ছাদে জল বসতে পারে। সেখানে থেকে দেওয়ালে নোনাও ধরতে পারে। ছাদে বাগান করতে হলে কোন বিষয়গুলি মাথায় রাখবেন?
ছাদের বহন ক্ষমতা: ছাদ বাগান মানে ছাদের উপর বাড়তি ওজনের চাপ। বিশেষত শুকনো মাটির চেয়ে ভিজে মাটির ওজন অনেকটাই বেশি। সে কারণে ছাদের বহন ক্ষমতা সম্পর্কে ধারণা থাকা দরকার। প্রয়োজনে ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া যেতে পারে।
জল নিষ্কাশন: ছাদে বাগান মানেই নিয়মিত জল দিতে হবে। গাছগাছালিতে জল দিতে গিয়ে যদি ছাদের কোনও অংশে জল বসে— তা হলে বাড়ির ক্ষতি হতে পারে। তা ছাড়া টবের মাটি ধুয়ে পাইপের মুখও আটকাতে পারে। তাই জল নিষ্কাশন ব্যবস্থাটি গুরুত্ব দিয়ে দেখে নেওয়া দরকার। একই সঙ্গে ছাদে যাতে জল না বসে, সে ব্যবস্থাও করতে পারেন। এতে নোনা ধরার সম্ভাবনাও কমবে।
বড় গাছ: বড় গাছও কৌশলে টবে রাখা যায়। তবে ছাদ সেই ভার কতটা নিতে পারবে বোঝা দরকার। তা ছাড়া, নজর না দিলে গাছের শিকড় ছাদের কোনায় বা দেওয়ালেও ছড়িয়ে পড়তে পারে। এতে বাড়ির ক্ষতি হবে।
পরিচ্ছন্নতা: ছাদ-বাগান নিয়মিত পরিষ্কার না করলে শুধু জল নয়, ভিজে পাতা পচেও ছাদের ক্ষতি হতে পারে। ভাল হয়, যদি ছাদে জল নিরোধী আস্তরণের ব্যবস্থা করা যায়।