পছন্দের মানুষের কাছ থেকে উপহারে পাওয়া ফুলটি আজীবন বাঁচিয়ে রাখার ইচ্ছে কার না হয়! আবার ছাদবাগানে ফোটা প্রিয় ফুলটিকেও দেখে মনে হয়, এ যেন নষ্ট না হয়ে যায়। কিন্তু ফুলের আয়ু ক্ষণস্থায়ী! তবে ‘প্রেসড ফ্লাওয়ার আর্ট’-এর সাহায্যে ফুল সংরক্ষণ করা সম্ভব। তা দিয়ে নানা শিল্পকর্মও করা যায়, যা দীর্ঘ কাল ভাল থাকে।
যে ফুল কাজে লাগে
যে ফুলের পাপড়ি অপেক্ষাকৃত পাতলা ও জলীয় অংশ কম, সেগুলিই সবচেয়ে ভাল প্রেস করা যায়। বুগেনভিলিয়া, ডেইজ়ি, কসমস, প্যানসি, জবা, গোলাপ, অপরাজিতা, কৃষ্ণচূড়া, জারবেরা, অর্কিডের কিছু প্রজাতি এই ক্ষেত্রে আদর্শ। এ ছাড়াও যাঁরা পাতা সংরক্ষণ করতে বা তা দিয়ে শিল্পকর্ম পছন্দ করেন, তাঁরা ফার্ন, মানিপ্লান্ট, ইউক্যালিপ্টাস কিংবা কোনও বাহারি পাতাও একই ভাবে ব্যবহার করতে পারেন।
সংরক্ষণ পদ্ধতি
বইয়ের সাহায্যে প্রেসিং হল সবচেয়ে সহজ পদ্ধতি। প্রথমে সদ্য ফোটা, শুকনো এবং দাগহীন ফুল বেছে নিতে হবে। ফুলের উপরে একটুও জল যেন না থাকে, তা নিশ্চিত করতে হবে। এর পরে ব্লটিং বা টিসু পেপার কিংবা খবরের কাগজের মধ্যে ফুলটি রেখে একটি ভারী বইয়ের পাতার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। উপরে আরও কিছু ভারী বই চাপা দিলে ভাল। দু’-চার সপ্তাহের মধ্যে এই ফুল পুরোপুরি শুকিয়ে যায়। মাঝেমাঝে কাগজ বদলে দিলে অতিরিক্ত আর্দ্রতা বাদ দেওয়া যায় এবং ফুলের রংও নষ্ট হয় না। কেমন ভাবে ব্যবহার করা যায় এই প্রেসড ফুলগুলি?
বুকমার্ক, কোস্টার
ব্যক্তিগত ব্যবহারের জন্য হোক বা কাউকে উপহার দিতে, বুকমার্ক বা কোস্টার ভীষণই কাজে আসে। কাগজে বা একরঙা কোস্টারের উপরে মন মতো প্রেসড ফুল বা পাতা বসিয়ে রেসিন বা মড পজ দিয়ে দিলেই ভীষণ সুন্দর বুকমার্ক তৈরি হয়। একই ভাবে ফোনের কেসও সাজানো যায়।
মেসন জার, টি লাইট হোল্ডার
অনেকেই মেসন জার জমাতে পছন্দ করেন। ঘর সাজানোর জন্যও তা ব্যবহার করেন। জারের গায়ে অল্প করে মড পজ দিয়ে প্রেসড ফুল আটকে তার উপরে মড পজের আরও একটি স্তর লাগিয়ে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যায় সুন্দর জার। একই ভাবে সাজিয়ে ফেলা যায় টি লাইট হোল্ডার, ছবির ফ্রেমও।
রেজ়িনের ব্যবহার
গত কয়েক বছরে প্রেসড ফ্লাওয়ার আর্টের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রেজ়িন শিল্পের জন্য। স্বচ্ছ ইপক্সি রেজ়িনের মধ্যে শুকনো ফুল স্থায়ী ভাবে সংরক্ষণ করা যায়। তা দিয়ে বানানো যায় গয়না, চাবির রিংয়ের মতো নানা সামগ্রী।
প্রেসড ফুলের গয়না বানাতে প্রথমে মনের মতো ছাঁচের মধ্যে ইপক্সি রেজ়িন ও হার্ডনার ঢেলে রেখে দিতে হবে। একটি পাতলা স্তর শুকিয়ে এলে সেটির উপরে পছন্দ মতো প্রেসড ফুল বা পাপড়ি দিয়ে সাজিয়ে নিন। তার পরে আবার ইপক্সি রেজ়িনের একটি স্তর তৈরি করুন। পুরো মিশ্রণটি শুকিয়ে গেলে দুল থেকে পেন্ডেন্ট, সবই বানানো যায়।
প্রেসড ফুলের শিল্প রোদে না রাখতে তা দীর্ঘ সময় ধরে ভাল থাকে। ফুলের রংও নষ্ট হয় না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)