Advertisement
E-Paper

রুটি-তরকারি দিলেই দৌড়ে পালায় খুদে! তা দিয়েই মোড়ক বদলে বানিয়ে দিন ট্যাকো

ঘরে থাকা রুটি আর তরকারি বা স্বাস্থ্যকর উপাদান দিয়ে বানিয়ে দিন ট্যাকো। মেক্সিকান খাবারটি আসলে কিন্তু ভারতীয় রুটি-তরকারির মতোই। ওই দেশের রুটি বা টরটিলার মধ্যে মাংস, মাছ বা সামুদ্রিক খাবারের পুর ভরে খাওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৯:৫২
ভারতীয় রুটি তরকারি খাওয়া যায় মেক্সিকান খাবারের কায়দাতেও। শিখে নিন পন্থা।

ভারতীয় রুটি তরকারি খাওয়া যায় মেক্সিকান খাবারের কায়দাতেও। শিখে নিন পন্থা। ছবি:সংগৃহীত।

প্রাতরাশ কিংবা টিফিনে রুটি-তরকারির নাম শুনলেই ঘ্যানঘ্যানানি শুরু হয় খুদের। শুধু ছোটরা নয়, রুটি-তরকারি সব সময়ে বড়দেরও মুখে রোচে না। কিন্তু কথায় কথায় পিৎজ়া, পাস্তা খাওয়া ভাল নয়। চিকিৎসকেরাও এই ধরনের ‘জাঙ্ক ফুড’ এড়িয়ে চলতে বলছেন। বদলে ঘরে থাকা রুটি আর তরকারি বা স্বাস্থ্যকর উপাদান দিয়ে বানিয়ে দিন ট্যাকো। মেক্সিকান খাবারটি আসলে কিন্তু ভারতীয় রুটি-তরকারির মতোই। ওই দেশের রুটি বা টরটিলার মধ্যে মাংস, মাছ বা সামুদ্রিক খাবারের পুর ভরে খাওয়া হয়।

১। বাড়িতে রান্না হওয়া মাংস থেকে অল্প ঝোল আর মাংসের টুকরো তুলে হাড় বাদ দিয়ে টুকরো করে নিন। এর সঙ্গে দিয়ে দিন গোল গোল অথচ পাতলা করে কাটা পেঁয়াজ, ধনেপাতা। রুটির এক দিকে সস্ এবং মেয়োনিজ মাখিয়ে নিন। গ্রিল কড়াইয়ে অল্প মাখন দিন। রুটির মধ্যে মাংসের টুকরো, পেঁয়াজ দিয়ে মাঝখান থেকে ভাঁজ করে মাখনে উল্টে-পাল্টে সেঁকে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া ট্যাকো। চাইলে হাড় ছাড়া ছোট ছোট মুরগির মাংস দিয়ে কষা বানিয়ে নিতে পারেন। কড়াইয়ে পেঁয়াজ, আদা, রসুন, টম্যাটো কষিয়ে মাংস দিন। ধনেপাতা, কাঁচালঙ্কা, ধনে-জিরে গুঁড়ো এবং গরম মশলা দিয়ে মাংস কষান যত ক্ষণ না মাংস সুসিদ্ধ হচ্ছে। সেটি পুর হিসাবে ট্যাকোতে দিতে পারেন।

২। পনিরের ছোট ছোট টুকরো, সেদ্ধ করা সুইট কর্নের সঙ্গে মাখনে অল্প নাড়াচাড়া করে নিন। দিয়ে দিন নুন, গোলমরিচ পাতিলেবুর রস। যোগ করুন পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কাঁচালঙ্কা। যোগ করুন চাট মশলা।

রুটির উপর ময়োনিজ় এবং সস দিন। পুর ভরে আড়াআড়ি মুড়ে গ্রিল প্যান বা তাওয়ায় মাখন দিয়ে সেঁকে নিন, যত ক্ষণ না রুটির বাইরের আবরণটি একটু মুচমুচে হচ্ছে।

৩। রাজমা, কাবলি ছোলা, ঘুগনি— হাতের কাছে যেটাই থাকবে তা দিয়ে ট্যাকোর পুর বানানো যায়। যে ভাবে বাড়িতে সেগুলি রান্না হয় করে নিন। তার পরে ঝোল শুকিয়ে নিন। পেঁয়াজ, লঙ্কাকুচি, ভাজা মশলা, পাতিলেবুর রস যোগ করুন। রুটিতে পুর ভরে আড়াআড়ি করে মুড়ে মাখনে উল্টে-পাল্টে সেঁকে নিন।

Homemade Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy