Advertisement
E-Paper

রান্নাঘরে টিকটিকির উপদ্রব? নিজের ভুলেই বাড়ছে সরীসৃপের দৌরাত্ম্য, শুধরে নিন দ্রুত, রইল তালিকা

টিকটিকি মূলত খাবারের খোঁজে ঘরে ঢোকে। এ ছাড়াও উষ্ণ পরিবেশ, জল এবং পোকামাকড়ের সন্ধানেও থাকে তারা। আর অজান্তেই আপনি সেই সবের জোগান দিয়ে ফেলেন। ভুলগুলি চিহ্নিত করে শুধরে ফেলুন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৬:০১
টিকটিকির উপদ্রব কমান ৫ কৌশলে।

টিকটিকির উপদ্রব কমান ৫ কৌশলে। ছবি: এআই সহায়তায় প্রণীত।

শোয়ার ঘর থেকে রান্নাঘরে টিকটিকির উপদ্রব বেড়েই চলেছে। সরাসরি ক্ষতি না করলেও এই প্রাণীর মল এবং শরীরের খসে পড়া অংশ থেকে স্বাস্থ্যের নানা ঝুঁকি তৈরি হতে পারে। সালমোনেল্লার মতো ক্ষতিকারক ব্যাক্টেরিয়ার সংস্পর্শে এসে নানা রোগে আক্রান্ত হতে পারেন পরিবারের সদস্যেরা। এই সরীসৃপের সংস্পর্শে খাবার দূষিত হতে পারে, অ্যালার্জির প্রতিক্রিয়া শুরু হতে পারে। তাই কোনও প্রাণীর ক্ষতি না করেই টিকিটিকিকে বাড়ি থেকে দূরে রাখা উচিত।

কী ভাবে ঘর থেকে দূর করবেন টিকটিকি?

কী ভাবে ঘর থেকে দূর করবেন টিকটিকি? ছবি: সংগৃহীত

টিকটিকি মূলত খাবারের খোঁজে ঘরে ঢোকে। এ ছাড়াও উষ্ণ পরিবেশ, জল এবং পোকামাকড়ের সন্ধানেও থাকে তারা। আর অজান্তেই আপনি সেই সবের জোগান দিয়ে ফেলেন। আপনারই রোজের ভুলেই টিকটিকির উপদ্রব বাড়তে থাকে। সেগুলি চিহ্নিত করে শুধরে নিন দ্রুত।

১. সবচেয়ে সাধারণ ভুলগুলির একটি হল, রাতভর নোংরা বাসন ফেলে রাখা। সিঙ্কে জমে থাকা খাবারের গন্ধ প্রথমে আকর্ষণ করে পিঁপড়ে, মাছি বা ছোট পোকাকে। আর সেই পোকামাকড়ই টিকটিকির প্রধান খাদ্য। অর্থাৎ বাসন ফেলে রাখা মানে আসলে টিকটিকির জন্য খাবারের বন্দোবস্ত করে রাখা।

২. রান্নাঘরে ফল ও শাকসব্জি খুলে রেখে দিলে টিকটিকির উপদ্রব বাড়ে। আঢাকা খাবার বা অতিরিক্ত পেকে যাওয়া ফলমুল, অথবা নষ্ট হয়ে যাওয়া খাবার কিংবা খাবারের টুকরো পড়ে থাকলে পোকামাকড়ের আগমন শুরু হয়। আর সেখানেই খাবার খুঁজতে চলে আসে টিকটিকি।

৩. রান্নাঘরের নানা অংশে আর্দ্রতা জমে থাকলেও টিকটিকির বাড়বাড়ন্ত দেখা যায়। সিঙ্কে জল জমে থাকা, পাইপ থেকে চুইয়ে জল পড়া বা দীর্ঘ ক্ষণ ভেজা কাপড় পড়ে থাকা— এই সব জায়গায় সহজেই পোকামাকড় জন্মায়। ফলে টিকটিকিও সেখানে ঘোরাফেরা শুরু করে। তাই রান্নাঘর যত শুকনো ও পরিষ্কার রাখা যাবে, টিকটিকির আনাগোনাও তত কমবে।

৪. গরমের সময়ে পোকমাকড় এবং টিকটিকির দৌরাত্ম্য বাড়ে। ফলে রান্নাঘরের জানালা বন্ধ রাখা দরকার। নয়তো সহজেই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে তারা।

৫. রান্নাঘরের কোনায় কাঠের বাক্স, প্যাকেট, পুরনো কাগজ, কার্ডবোর্ডের বাক্সের মতো জিনিসপত্র জমে থাকে? অগোছালো কোণও পোকাদের আকৃষ্ট করে। বহু দিন ধরে এ সমস্ত কোনায় পড়ে থাকলে তা ছোট পোকামাকড়ের লুকোনোর জায়গা হয়ে ওঠে। আর যেখানে পোকা, সেখানে টিকটিকির উপস্থিতিও বাড়তে পারে।

Lizard Home Cleaning Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy