রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখছেন। টানটান উত্তেজনা। এই সময়ে খিদে পেলে বা হালকা কিছু খাওয়ার ইচ্ছা হলে, পপকর্নের চেয়ে ভাল কিছু হতে পারে না। খেলা দেখতে দেখতে বা সিনেমা দেখার সময়ে পপকর্নই সবচেয়ে পছন্দের স্ন্যাক্স। তবে এর জন্য দোকান থেকে একগাদা দাম দিয়ে পপকর্ন কেনার প্রয়োজন নেই। কাঁচা ভুট্টা কিনে এনে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সহজ পদ্ধতিতে। এর জন্য পপকর্ন মেকারেরও প্রয়োজন নেই। এখন নানা রকম স্বাদের পপকর্ন পাওয়া যায়। তেমনটাও বাড়িতেই বানিয়ে নেওয়া যায়।
কী কী লাগবে?
আধ কাপের মতো ভুট্টার দানা। যদি কাঁচা ভুট্টা কিনে আনেন, তা হলে সেটি শুকিয়ে দানা বার করতে হবে। না হলে, যে কোনও দোকান থেকেই পপকর্ন বানানোর শুকনো ভুট্টার দানা পাওয়া যায়।
অলিভ অয়েল হলে ভাল হয়, না হলে ২ চামচ মাখন নিয়ে নিন।
নুন আধ চামচের মতো।
প্রণালী
প্রথমে গ্যাসে কড়া বা প্রেসার কুকার বসিয়ে মাঝারি আঁচে গরম করুন। এ বার তাতে ২ চামচ তেল বা মাখন দিন। তেল হালকা গরম হলে তার মধ্যে নুন এবং হলুদগুঁড়ো দিয়ে একটু নেড়ে নিন, যাতে মশলাটা তেলের সঙ্গে মিশে যায়।
আরও পড়ুন:
তেল গরম হলে সব ভুট্টার দানা তেলের মধ্যে ঢেলে দিন এবং চামচ দিয়ে ভাল করে নাড়তে থাকুন, যাতে প্রতিটি দানার গায়ে তেল ও নুন-হলুদ লেগে যায়।
ভুট্টার দানাগুলি ফুটতে থাকলে কড়া বা প্রেসার কুকারটি ঢেকে দিন। কুকারে করলে ভিতরের রবারের গ্যাস্কেটটি অবশ্যই খুলে দেবেন যাতে ভিতরের অতিরিক্ত বাষ্প বাইরে বেরিয়ে যেতে পারে এবং পপকর্নগুলি নেতিয়ে না যায়।
নানা স্বাদের পপকর্ন বানানো যায় বাড়িতেই।
ভুট্টার দানা যখন ফুটতে থাকবে,পাাা তখন গ্যাসের আঁচ মাঝারি থেকে সামান্য বাড়িয়ে দিন। এই সময় প্রতি ৩০ সেকেন্ড অন্তর কড়াই বা কুকারের হাতল ধরে সাবধানে একটু ঝাঁকিয়ে দিতে হবে। এতে নীচের দানাগুলি উপরে আসবে এবং কোনও দানাই পুড়ে যাবে না।
১ থেকে ২ মিনিটের মধ্যে সব ভুট্টা ফুটে পপকর্ন হয়ে পাত্রটি ভরে উঠবে। গ্যাস বন্ধ করে দিন। ঢাকনা খুলে গরম গরম পপকর্ন একটি বড় কাচের পাত্রে ঢেলে নিন।
পপকর্ন আরও সুস্বাদু করতে
মাখনের বদলে সামান্য অলিভ অয়েল ব্যবহার করুন। তেল আরও কমাতে চাইলে নন-স্টিক পাত্রে মাত্র ১ চামচ তেলেই পুরো পপকর্ন বানিয়ে ফেলা সম্ভব।
পপকর্ন তৈরি হয়ে যাওয়ার পর উপর থেকে সামান্য পেরি-পেরি মশলা, চাট মশলা অথবা চিজ় ছড়িয়ে ভাল করে টস করে নিন। এতে পেরি-পেরি চিজ় পপকর্ন তৈরি হবে।
নুন-হলুদের সঙ্গে সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিলে পপকর্ন খেতে আরও মুখরোচক হবে। স্বাস্থ্যের জন্যও তা ভাল।
ক্যারামেল পপকর্নও তৈরি করতে পারেন। একটি নন-স্টিক প্যানে চিনি দিয়ে কম আঁচে গলতে দিন (জল দেবেন না)। চিনি গলে যখন সোনালি রঙের ক্যারামেল তৈরি হবে, তখন গ্যাস বন্ধ করে মাখন ও বেকিং সোডা মিশিয়ে দিন। এ বার আগে থেকে তৈরি সাদা পপকর্নগুলি এই ক্যারামেলে ঢেলে চামচ নেড়ে নিন। ঠান্ডা হলে পপকর্নগুলি মুচমুচে হয়ে যাবে।
গার্লিক পপকর্নও তৈরি করা যায়। সে জন্য প্যানে মাখন ও রসুনকুচি দিয়ে হালকা ভেজে তার মধ্যে তৈরি করে নেওয়া পপকর্নগুলি দিয়ে দিন। এ বার সামান্য চিলিফ্লেক্স ও অরিগ্যানো ছড়িয়ে নামিয়ে নিন।