Advertisement
E-Paper

অভিনয় ছেড়ে পরিচালককে বিয়ে, ২৬ বছর সংসারের পর বিচ্ছেদ, ১০ বছর পর প্রাক্তন স্বামীর সঙ্গেই একত্রবাসে নায়িকা

কানাঘুষো শোনা যেতে থাকে, পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। বেশ কয়েক বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু সেই পথ সহজ ছিল না। ভিন্ন ধর্মমতের কারণে দুই তারকার বিয়েতে আপত্তি জানায় তাঁদের পরিবার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৭:২২
Priyadarshan and Lissy
০১ / ১৮

পরিবারের অমতে পরিচালককে বিয়ে করেছিলেন। বিয়ের পর ধর্ম বদলেছিলেন। ছেড়ে দিয়েছিলেন অভিনয়ও। ২৪ বছর সংসার করার পর সেই সংসারে ফাটল ধরে। দীর্ঘ ‘তিক্ত’ আইনি লড়াইয়ের পর বিবাহবিচ্ছেদ হয়েছিল তারকা-দম্পতির। বিচ্ছেদের ১০ বছর পর আবার প্রাক্তন স্বামী প্রিয়দর্শনের সঙ্গেই একত্রবাস করছেন এককালের নায়িকা লিসি।

Priyadarshan
০২ / ১৮

দক্ষিণী চলচ্চিত্রজগতের পাশাপাশি বলিউডেরও প্রথম সারির ছবিনির্মাতা প্রিয়দর্শন। বড়পর্দায় চমকপ্রদ কাহিনি ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত তিনি। তাঁর ব্যক্তিগত জীবনও সিনেমার চেয়ে কোনও অংশে কম নয়।

 Lissy
০৩ / ১৮

প্রিয়দর্শন পরিচালিত দ্বিতীয় মালয়ালম ছবি ছিল ‘ওদুদারুথাম্মনভ আলারিয়ম’। এই ছবির নায়িকা ছিলেন লিসি। প্রিয়দর্শন তখন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করছেন। লিসি তখন নবাগতা। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবির সেটেই দু’জনের আলাপ হয়।

 Lissy
০৪ / ১৮

লিসির সঙ্গে প্রিয়দর্শনের পেশাগত সম্পর্ক থাকলেও শুটিং সেটে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। প্রিয়দর্শনের পরবর্তী বেশ কয়েকটি ছবিতে নায়িকা হিসাবে দেখা গিয়েছিল লিসিকে। একসঙ্গে প্রচুর কাজ করার সুবাদে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়তে থাকে।

 Lissy
০৫ / ১৮

কানাঘুষো শোনা যেতে থাকে, পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন লিসি। বেশ কয়েক বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু সেই পথ সহজ ছিল না। প্রিয়দর্শন ছিলেন হিন্দু এবং লিসি ছিলেন খ্রিস্টান। ভিন্ন ধর্মমতের কারণে দুই তারকার বিয়েতে আপত্তি জানায় তাঁদের পরিবার।

Priyadarshan and Lissy with their children
০৬ / ১৮

পরিবারের অমত থাকা সত্ত্বেও লিসিকে ১৯৯০ সালের ডিসেম্বরে বিয়ে করেন প্রিয়দর্শন। বিয়ের পর হিন্দু ধর্ম গ্রহণ করেন লিসি। নিজের নাম পরিবর্তন করে রাখেন লক্ষ্মী। বিয়ের তিন বছর পর কন্যাসন্তান কল্যাণী প্রিয়দর্শনের জন্ম দেন লিসি।

Priyadarshan and Lissy with their children
০৭ / ১৮

বর্তমানে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কল্যাণী। কল্যাণীর জন্মের দু’বছর পর ১৯৯৫ সালে পুত্রসন্তান সিদ্ধার্থ প্রিয়দর্শনের জন্ম দেন লিসি। বর্তমানে সিদ্ধার্থ চলচ্চিত্রজগতে ভিএফএক্স সুপারভাইজ়ার হিসাবে কাজ করেন। সংসারের জন্য অভিনয় ছেড়ে দিয়েছিলেন লিসি। কিন্তু সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি।

 Lissy
০৮ / ১৮

২০১৪ সালে চেন্নাইয়ের পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন প্রিয়দর্শন এবং লিসি। সূত্রের খবর, পরিচালকের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছিলেন লিসি। পরে নাকি সেই অভিযোগ প্রত্যাহারও করে নেন তিনি।

Priyadarshan and Lissy
০৯ / ১৮

যৌথ ভাবে প্রচুর সম্পত্তি কিনে রেখেছিলেন প্রিয়দর্শন এবং লিসি। বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন সেই সম্পত্তির সমান ভাগ করার দাবি জানিয়েছিলেন লিসি। শোনা যায়, তিনি পরিচালকের কাছে কোনও খোরপোশ দাবি করেননি। তবে, সম্পত্তির মালিকানা নিয়ে আইনি মামলা দীর্ঘ দিন ধরে চলে।

 Lissy
১০ / ১৮

২০১৬ সালে মাদ্রাজ হাই কোর্টে দু’পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হয়। ডাবিং স্টুডিয়োর মালিকানা লিসিকে দেওয়া হয়। কোচির একটি ফ্ল্যাট, তিরুঅনন্তপুরমের একটি সংস্থার অংশ লিসিকে দিতে রাজি হন প্রিয়দর্শন। পাশাপাশি, সিঙ্গাপুরের প্রায় ৬ কোটি টাকার একটি সম্পত্তি বিক্রি করে তা সমান ভাবে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Priyadarshan and Lissy
১১ / ১৮

২০১৬ সালের সেপ্টেম্বরে প্রিয়দর্শন এবং লিসির বিবাহবিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে লিসি বলেছিলেন, ‘‘বিবাহবিচ্ছেদের ঘটনা আমার কাছে খুব কঠিন এবং যন্ত্রণাদায়ক ছিল।’’ এমনকি, বিচ্ছেদের পর সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন প্রিয়দর্শন।

Priyadarshan and Lissy with their children
১২ / ১৮

প্রিয়দর্শনের কথায়, ‘‘লিসি খুব ভাল মা। দুই সন্তানকে সাধারণ ভাবে মানুষ করেছিল। শিক্ষা এবং অর্থের মূল্যও বুঝিয়েছিল তাদের। আমার সাফল্যের জন্য লিসিই দায়ী। খুবই ধৈর্য ছিল ওর।’’

Priyadarshan
১৩ / ১৮

বিবাহবিচ্ছেদের পর নাকি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন প্রিয়দর্শন। বিলাসবহুল গাড়ি কেনার শখ ছিল পরিচালকের। কিন্তু বিচ্ছেদের পর সেই গাড়িগুলি নাকি এক এক করে বিক্রি করতে শুরু করেছিলেন তিনি। এই প্রসঙ্গে প্রিয়দর্শন বলেছিলেন, ‘‘বিলাসিতার চেয়ে পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন তা বুঝতে পারি।’’

Priyadarshan and Lissy
১৪ / ১৮

দীর্ঘ ২৬ বছরের সংসার ভেঙে যাওয়ার কারণ উল্লেখ করে প্রিয়দর্শন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘রক্ষণশীল পরিবারে আমার জন্ম। নারী হিসাবে আমার জীবনে আদর্শ ছিলেন আমার মা। বিয়ের পর জীবনসঙ্গিনীর মধ্যে মাকে খোঁজা সঠিক নয়। কারণ, সেই মেয়েটি তো অন্য ভাবে বড় হয়েছে। আমার বাবা-মা আমার বোনের চেয়েও লিসিকে বেশি ভালবাসত। নানা মতানৈক্যের জন্যই আমাদের বিয়েটা ভেঙে গেল।’’

Mohanlal
১৫ / ১৮

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মোহনলাল প্রিয় বন্ধু প্রিয়দর্শনের। পরিচালকের বিবাহবিচ্ছেদের সময় অভিনেতা নাকি পরিচালক-বন্ধুকে পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘‘দু’জন মানুষ যখন ভালবেসে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন, তখন যাঁরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন, তাঁরা সকলেই শত্রু হয়ে যান। আবার, দু’জন মানুষ আলাদা হওয়ার সময় কেউ বিরোধিতা করলে তিনি শত্রুতে পরিণত হন।’’

Priyadarshan and Lissy marriage
১৬ / ১৮

চলতি বছরে এক দক্ষিণী পরিচালকের ছেলের বিয়েতে একসঙ্গে দেখা গিয়েছিল প্রিয়দর্শন এবং লিসিকে। কানাঘুষো শোনা যাচ্ছিল, বিবাহবিচ্ছেদের ১০ বছর পর আবার একসঙ্গে থাকছেন তাঁরা। কিন্তু তখন আনুষ্ঠানিক ভাবে তাঁদের তরফে কিছু জানানো হয়নি।

Priyadarshan and Lissy with Mammootty
১৭ / ১৮

চেন্নাইয়ে প্রিয়দর্শনের একটি স্টুডিয়োয় ডাবিংয়ের কাজে গিয়েছিলেন দক্ষিণী অভিনেতা মমূট্টি। লিসি এবং প্রিয়দর্শন আবার একসঙ্গে থাকা শুরু করেছেন জেনে তাঁদের স্টুডিয়োয় ডেকে পাঠিয়েছিলেন অভিনেতা। জনশ্রুতি, সাত-আট মাস ধরে একসঙ্গে থাকছেন প্রিয়দর্শন এবং লিসি।

Priyadarshan
১৮ / ১৮

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন বলেন, ‘‘আমাদের বিবাহের শংসাপত্র নেই। কিন্তু আমরা আগে যে ভাবে থাকতাম, এখনও সে ভাবেই একসঙ্গে থাকছি।’’ দীর্ঘ সময় আলাদা থাকার পর সন্তানদের প্রচেষ্টায় তাঁদের সম্পর্কের বরফ গলেছে এবং তাঁরা একত্রবাস করছেন বলে জানা গিয়েছে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy