Advertisement
E-Paper

‘সঙ্গম’ বিতর্কে জড়ানোর ১০ দিন আগে ছেড়ে যান প্রেমিকা, বছর ঘুরতেই অন্য প্রেমিকার সঙ্গে আইপিএলের গ্যালারিতে ‘বিয়ারবাইসেপ্‌স’

ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে বসে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দেখছিলেন রণবীর ইলাহাবাদিয়া এবং তাঁর প্রেমিকা। ম্যাচ দেখে বেরোনোর সময় এক তরুণ রণবীরের সঙ্গে নিজস্বী তোলার জন্য এগিয়ে গিয়েছিলেন। নিজস্বী তুলতে মানা করে রণবীর জানান, তিনি প্রেমিকার সঙ্গে রয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৭:৩৩
Ranveer Allahbadia with Juhi Bhatt
০১ / ১৩

বেঙ্গালুরুর ওয়াংখেড়ে স্টেডিয়াম। আইপিএলের মাঠে তখন মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা চলছে। গ্যালারিতে রংমিলান্তি পোশাকে দেখা গেল ইউটিউবার ‘বিয়ারবাইসেপ্‌স’ তথা রণবীর ইলাহাবাদিয়া এবং এক তরুণীকে। সেই তরুণী মডেলের সঙ্গেই নাকি সম্পর্কে রয়েছেন রণবীর। এক অনুরাগীর দৌলতে সেই সত্য প্রকাশ্যে আসে।

Ranveer Allahbadia with Juhi Bhatt
০২ / ১৩

গত রবিবার রণবীর তাঁর প্রেমিকাকে নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন। ডেনিম এবং সাদা স্নিকার্সের সঙ্গে সাদা টি-শার্ট পরেছিলেন রণবীর। তাঁর সঙ্গিনী রংমিলান্তি করে ডেনিম এবং সাদা স্নিকার্সের সঙ্গে পরেছিলেন সাদা ক্রপ টপ। গ্যালারিতে বসে ম্যাচ দেখার পর বেরিয়ে আসছিলেন দু’জনে। সেই সময় এক তরুণ রণবীরের সঙ্গে নিজস্বী তোলার জন্য এগিয়ে গিয়েছিলেন। নিজস্বী তুলতে মানা করে রণবীর সেই তরুণকে বলেন, ‘‘আমার প্রেমিকার সঙ্গে রয়েছি।’’ তখন রণবীরের পাশে হাঁটছিলেন তরুণী সঙ্গিনী। রণবীরের কথা শুনে তাঁর মুখে ফুটে উঠল লাজুক হাসি।

Ranveer Allahbadia
০৩ / ১৩

রণবীরের সঙ্গে ‘রহস্যময়ী’র ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) তাঁর প্রেমিকার পরিচিতি নিয়ে কৌতূহলের বন্যা বয়ে যায়। কারণ, রণবীর আগেও সম্পর্কে থাকার সময় প্রকাশ করেছিলেন বটে, কিন্তু প্রেমিকাকে সর্বদাই রেখেছিলেন আড়ালে।

Ranveer Allahbadia
০৪ / ১৩

২০২৫ সালের গোড়ার দিকে ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গম নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রণবীর। তাঁর বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়। পরে শীর্ষ আদালতের তরফে পডকাস্ট চালু করার অনুমতি পেয়েছিলেন তিনি।

Raghav Juyal
০৫ / ১৩

২০২৫ সালের শেষের দিকে রণবীর তাঁর পডকাস্টে বলি অভিনেতা রাঘব জুয়ালকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই পডকাস্টেই রণবীর জানিয়েছিলেন যে, ‘সঙ্গম’ বিতর্কে জড়ানোর ১০ দিন আগে তাঁর প্রেমিকা তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। রণবীরের কথায়, ‘ভয়াবহ বিচ্ছেদ’ হয়েছিল তাঁর। সেই সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি।

Ranveer Allahbadia with Niki Sharma
০৬ / ১৩

যদিও প্রাক্তন প্রেমিকার নাম কোনও দিনই প্রকাশ্যে উল্লেখ করেননি রণবীর। তবে সমাজমাধ্যমে মাঝেমধ্যেই এক তরুণীর সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করতেন তিনি। প্রতিটি ছবিতে প্রেমিকার মুখে সূর্যমুখীর স্টিকার বসিয়ে দিতেন। অধিকাংশের দাবি, রণবীরের সেই প্রেমিকা ছিলেন ছোটপর্দার অভিনেত্রী নিকি শর্মা।

Ranveer Allahbadia
০৭ / ১৩

২০২৪ সালের নভেম্বরে নিকির সঙ্গে লন্ডনে ঘুরতে গিয়েছিলেন রণবীর। কিন্তু সেই ছবিগুলিতেও প্রেমিকার মুখ লুকোনো ছিল। একই বছরের ডিসেম্বরে গোয়ায় ঘুরতে গিয়েছিলেন রণবীর এবং নিকি।

Niki Sharma
০৮ / ১৩

গোয়ার সমুদ্রে সাঁতার কাটার সময় গভীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন রণবীর এবং নিকি। ঘটনাস্থলে উপস্থিত একজন আইপিএস আধিকারিক তাঁদের প্রাণরক্ষা করেছিলেন তা জানিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন রণবীর।

Niki Sharma
০৯ / ১৩

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পরস্পরের সঙ্গে ইনস্টাগ্রামে ‘আড়ি’ করে নিয়েছিলেন রণবীর এবং নিকি। সমাজমাধ্যমে নিজের যত্ন নেওয়া এবং একা পথচলা সংক্রান্ত পোস্টও করতে শুরু করেছিলেন নিকি। সেই পোস্টগুলি তাঁদের বিচ্ছেদের জল্পনা আরও উস্কে দিয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই আরও এক বার সম্পর্কে জড়িয়ে পড়লেন রণবীর।

Juhi Bhatt
১০ / ১৩

মডেল এবং নেটপ্রভাবী জুহি ভট্টের সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীর। ১৯৯৬ সালের অক্টোবরে উত্তরাখণ্ডের দেহরাদূনে জন্ম জুহির। রণবীরের চেয়ে বয়সে তিন বছরের ছোট তিনি।

Juhi Bhatt
১১ / ১৩

স্নাতক হওয়ার পর পেশা হিসাবে মডেলিং বেছে নেন জুহি। ইউটিউবে মুক্তি পাওয়া কয়েকটি ওয়েব সিরিজ়েও অভিনয় করেছেন তিনি।

Ranveer Allahbadia with Juhi Bhatt
১২ / ১৩

২০২৫ সালের দীপাবলি উপলক্ষে রণবীর এবং জুহি দু’জনেই তাঁদের সমাজমাধ্যমের পাতায় একই রঙ্গোলির ছবি তুলে পোস্ট করেছিলেন। পরে রণবীর তাঁর সঙ্গে এক তরুণীর নিজস্বী তুলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ‘ঘিবলি স্টাইল’-এ ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে রণবীরের সঙ্গে ছিলেন জুহিই।

Juhi Bhatt
১৩ / ১৩

বর্তমানে কাজের সূত্রে মুম্বইয়ে থাকেন জুহি। কানাঘুষো শোনা যায়, নিকির সঙ্গে বিচ্ছেদ হওয়ার কয়েক মাসের মধ্যেই জুহির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রণবীর। কিন্তু সেই সম্পর্ক নিয়ে কখনওই খোলামেলা ভাবে আলোচনা করেননি। রবিবার অনুরাগীকে সেই কথা বলতে গিয়ে সেই দৃশ্য ধরা পড়ে ছবিশিকারিদের ক্যামেরায়। বর্তমান প্রেমিকার ছবি আর আড়ালে রাখার সুযোগ থাকল না ‘বিয়ারবাইসেপ্‌স’-এর।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy