Advertisement
E-Paper

বাড়িতে ‘ব্যক্তিগত গুহা’, ছোঁয়া নেই আড়ম্বরের! দেখে নিন ‘ধুরন্ধর’-এর জামিল জামালির মুম্বইয়ের বাড়ির অন্দরমহলের ছবি

১৯৭৯ সালে সঞ্জীব কুমার অভিনীত ‘হমারে তুমহারে’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটেছিল রাকেশ বেদীর। তবে তিনি দেশজোড়া খ্যাতি পান ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘চশমে বদ্দূর’ ছবিতে অভিনয় করে। ‘এক দুজে কে লিয়ে’, ‘রাম তেরি গঙ্গা মইলি’, ‘হিরো নম্বর ১’, ‘গদর: এক প্রেম কথা’, ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর মতো বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১২:১০
Rakesh Bedi
০১ / ১৩

পরিচালক আদিত্য ধর অথবা রণবীর সিংহ, অক্ষয় খন্না, সঞ্জয় দত্ত এবং আর মাধবনের মতো অভিনেতারা নন। ‘ধুরন্ধর’-এর ‘ধুরন্ধর’ সাফল্যের নেপথ্যে নাকি রয়েছেন অন্য এক বলি অভিনেতা। আদিত্যের পরিচালনায় ‘ধুরন্ধর’ ছবির দু’টি পর্বে জামিল জামালি চরিত্রে অভিনয় করে বিপুল প্রশংসিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা রাকেশ বেদী। তিনিই নাকি ‘ধুরন্ধর’-এর ‘লাকি চার্ম’।

Rakesh Bedi
০২ / ১৩

রাকেশ অভিনীত ‘গদর: এক প্রেমকথা’, ‘গদর ২’ এবং ‘ধুরন্ধর’-এর দু’টি পর্বই বক্সঅফিসে ব্লকবাস্টারের তালিকায় নাম লিখিয়েছে। বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, রাকেশ যে ছবিতেই অভিনয় করেন, সেই ছবিই হিট হয়ে যায়। ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর রাকেশের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা ঢুকেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিন্তু এই অভিনেতাই বড়পর্দার আড়ালে ছিমছাম ভাবে থাকতে পছন্দ করেন।

Rakesh Bedi
০৩ / ১৩

রাকেশের স্ত্রী আরাধনা বেদী এবং দুই কন্যা ঋদ্বিমা ও ঋতিকা। ২০২৪ সালে বড় মেয়ে ঋদ্বিমার বিয়ে হয়ে যায়। বর্তমানে স্ত্রী এবং ছোট মেয়েকে নিয়ে সংসার তাঁর। মুম্বইয়ের অন্ধেরিতে একটি ফ্ল্যাটে থাকেন রাকেশ। সেই ফ্ল্যাটে ঢুকলে মনেই হবে না, সেটি কোনও অভিনেতার বাড়ি।

Rakesh Bedi home in Mumbai
০৪ / ১৩

ফ্ল্যাটের বসার ঘরটি বেশ বড় এবং খোলামেলা। অন্দরমহলের প্রতিটি ঘরের দেওয়াল মূলত সাদা এবং বেইজ রং করা। এর ফলে ঘরগুলিকে আয়তনে আরও বড় এবং উজ্জ্বল দেখায়। বসার ঘরের সোফাগুলিও হালকা রঙের, যা ঘরের শান্ত পরিবেশ বজায় রাখে।

Rakesh Bedi home in Mumbai
০৫ / ১৩

বাড়ির আসবাবপত্রে খুব বেশি জাঁকজমক নেই। মূলত কাঠের আসবাব দিয়েই ঘর সাজিয়েছেন রাকেশ। ঘরের দেওয়ালে ঝোলানো রয়েছে বিভিন্ন চিত্রকর্ম এবং পরিবারের সদস্যদের ছবি। অপ্রয়োজনীয় আড়ম্বর এড়িয়ে তিনি অন্দরমহলে ছিমছাম ভাব ফুটিয়ে তুলতে চেয়েছেন।

Rakesh Bedi home in Mumbai
০৬ / ১৩

ফ্ল্যাটের বারান্দাটি আয়তনে খুব একটা বড় না হলেও খুব সুন্দর ভাবে গাছপালা দিয়ে সাজানো। বাড়ির মধ্যে বারান্দাটিই অভিনেতার সবচেয়ে পছন্দের জায়গা। অবসর সময়ে বারান্দায় বসে কাটান তিনি।

Rakesh Bedi home in Mumbai
০৭ / ১৩

রাকেশের বাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশ হল তাঁর পড়াশোনার ঘর। মজা করে সেই ঘরটিকে ‘ব্যক্তিগত গুহা’ বলে উল্লেখ করেন অভিনেতা। ঘরটি অনেকটা তাঁর ব্যক্তিগত সংগ্রহশালার মতো। তাঁর দীর্ঘ অভিনয়জীবনে পাওয়া অসংখ্য ট্রফি এবং সম্মাননা সেই ঘরে সুন্দর ভাবে সাজানো রয়েছে। তাঁর বিভিন্ন নাটকের পোস্টার থেকে শুরু করে ভক্তদের দেওয়া উপহারও সাজিয়ে রেখেছেন এই ঘরে।

Rakesh Bedi home in Mumbai
০৮ / ১৩

লেখালিখি করে সময় কাটানোর জন্য ছোট একটি লাইব্রেরিও তৈরি করেছেন রাকেশ। কাঠের আলমারিতে সাজানো রয়েছে প্রচুর বই। সেই আলমারির সামনেই রাখা ছোট সোফা এবং টেবিল।

Rakesh Bedi
০৯ / ১৩

১৯৫৪ সালের ডিসেম্বরে দিল্লিতে জন্ম রাকেশের। তাঁর বাবা পেশায় ছিলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। ছেলেও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করুক, তেমনটাই চেয়েছিলেন তিনি। বাবার জেদে রাকেশ আইআইটি-র প্রবেশিকা পরীক্ষা দিতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু পরীক্ষাকেন্দ্রে নাকি ৫ মিনিটের বেশি বসে থাকতে পারেননি।

Rakesh Bedi
১০ / ১৩

স্কুলে থাকাকালীন একক অভিনয়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন রাকেশ। স্কুলের গণ্ডি পার করার পর পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় (এফটিটিআই) অভিনয় শেখার জন্য ভর্তি হন তিনি। পাশাপাশি দিল্লির বিখ্যাত একটি নাটকের দলের সঙ্গেও যুক্ত হন।

Rakesh Bedi
১১ / ১৩

১৯৭৯ সালে সঞ্জীব কুমার অভিনীত ‘হমারে তুমহারে’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটেছিল রাকেশের। তবে তিনি দেশজোড়া খ্যাতি পান ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘চশমে বদ্দূর’ ছবিতে অভিনয় করে। ‘এক দুজে কে লিয়ে’, ‘রাম তেরি গঙ্গা মইলি’, ‘হিরো নম্বর ১’, ‘গদর: এক প্রেম কথা’, ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর মতো বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি।

Rakesh Bedi
১২ / ১৩

বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি টেলিভিশনেও চুটিয়ে কাজ করেছেন রাকেশ। রাকেশের অভিযোগ, কেরিয়ারের গোড়ার দিকে তাঁকে একই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হত। উপার্জনের জন্য তিনি সেই সমস্ত চরিত্রে অভিনয় করতে রাজিও হয়ে যেতেন। কৌতুকাভিনেতা হিসাবেই একসময় পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল তাঁর।

Rakesh Bedi
১৩ / ১৩

রাকেশের দাবি, ধীরে ধীরে তাঁর বহুমুখী প্রতিভা বলিউডের নজরে পড়েছিল। নাটকের মঞ্চ থেকে ছোটপর্দায়, তার পর বড়পর্দায় জামিল জামালি হয়ে বিস্তর প্রশংসা কুড়োচ্ছেন অভিনেতা। ‘ধুরন্ধর’ ছবি তাঁর কেরিয়ারে গড়ে তুলল সাফল্যের নতুন মাইলফলক।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy