মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাঁপ বা চিকেন বিরিয়ানির সঙ্গে মাটন রেজ়ালার যুগলবন্দিটি দারুণ। তবে ভারতের নানা প্রান্তে নানা রকম ভাবে বিরিয়ানি খাওয়ার চল রয়েছে। দক্ষিণ ভারতে বিরিয়ানির সঙ্গে টক দইয়ের রায়তা খাওয়ার চলও আছে। বাড়িতে বিরিয়ানি আনা হলে বা রান্না হলে, মাংসের পাশাপাশি তার সঙ্গেও রায়তা রাখা যায়। বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য কোন ধরনের রায়তা বানাতে পারেন?
আনারসের রায়তা: বিরিয়ানির সঙ্গে টক-মিষ্টি স্বাদ চাইলে আনারসের রায়তা বানাতেই পারেন। টক দই, নুন এবং ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভাল করে ফেটিয়ে নিন।মিষ্টি আনারস ছোট ছোট টুকরো করে রায়তায় মেশান। তা হলেই হয়ে যাবে আনারসের রায়তা।
আরও পড়ুন:
ধনেপাতার রায়তা: বিরিয়ানির সঙ্গে এই রায়তাও বেশ সুস্বাদু লাগবে। টাটকা ধনেপাতা, গোটা জিরে, রসুন, কাঁচালঙ্কা এবং অল্প সর্ষের তেল দিয়ে হামানদিস্তায় থেঁতো করে নিন বা মিক্সারে ঘুরিয়ে নিন। টক দই বিটনুন দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। যোগ করুন ভাজা জিরে-লঙ্কার গুঁড়ো। ধনেপাতা বাটা দইয়ের মধ্যে ভাল করে মিশিয়ে ফেলুন।
পেঁয়াজ-টম্যাটোর রায়তা: পেঁয়াজ এবং টম্যাটো কুচি করে কেটে নিন। ধনেপাতা, কাঁচালঙ্কাও কুচিয়ে নিন। টক দই ফেটিয়ে সৈন্ধব নুন যোগ করুন। লঙ্কার গুঁড়ো এবং ভাজা জিরে গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিন। পেঁয়াজ, টম্যাটো, ধনেপাতা, কাঁচালঙ্কা কুচি মিশিয়ে বিরিয়ানির সঙ্গে পরিবেশন করুন।