Advertisement
E-Paper

ইডলি নাকি দানাদার! বানিয়ে নিন গোলগাল, দেখতে মিষ্টি, খেতে মশালাদার ‘গোল্লা ইডলি’

সাধারণ ইডলির থেকে এটি আকারে তো বটেই স্বাদেও কিছুটা আলাদা। আর এটি ভাত বা রুটির বদলে না খেয়ে মুখরোচক জলখাবার হিসাবেও পরিবেশন করা যেতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৬
রসহীন গোল্লা! মশলাদার গোল্লা ইডলি।

রসহীন গোল্লা! মশলাদার গোল্লা ইডলি। ছবি : সংগৃহীত।

দেখতে পিংপং বলের মতো। দুধ সাদা রং। দেখলে চিনির দানাদার কিংবা রসগোল্লা বলে ভুল হতে পারে। কিন্তু এর গায়ে চিনির রস নয়, লেগে থাকে টক-ঝাল সুস্বাদু মশলা। মিষ্টির মতো দেখতে এই মশলাদার খাবারটি আদতে ইডলি। তবে আকার-আকৃতির জন্য এই গোলগাল ইডলির একটি বিশেষ নাম আছে। গোলি ইডলি। তবে বাংলায় রসগোল্লার সঙ্গে মিলিয়ে একে গোল্লা ইডলিও বলা যেতে পারে।

সাধারণ ইডলির থেকে এটি আকারে তো বটেই, স্বাদেও কিছুটা আলাদা। ভাত বা রুটির বদলে না খেয়ে মুখরোচক জলখাবার হিসাবেও পরিবেশন করা যেতে পারে।

যা লাগবে—

১ কাপ জল

১ চা চামচ নুন

১ চা চামচ ঘি

১ কাপ চালের গুঁড়ো

২ টেবিল চামচ তেল

১ চা চামচ সর্ষের দানা

দেড় চা চামচ ছোলার ডাল

১ চা চামচ বিউলির ডাল

২ চা চামচ তিল

১টি শুকনো লঙ্কা

৩-৪টি কারি পাতা

কাঁচালঙ্কা কুচি

আধ চা চামচ আদা বাটা

কী ভাবে বানাবেন?

প্যানে জল ফুটিয়ে তাতে নুন এবং ঘি দিন। ভাল ভাবে নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিন চালের গুঁড়ো। জল সম্পূর্ণ টেনে এলে আঁচ বন্ধ করে অল্প ঠান্ডা হতে দিন।

হাত দেওয়ার মতো ঠান্ডা হলে ওই মিশ্রণটি মেখে নরম করে নিন। প্রয়োজন হলে সামান্য গরম জল দিতে পারেন। ওর থেকে ছোট ছোট লেচির মতো কেটে হাতের চাপে বানিয়ে নিন গোল গোল বল।

মনে রাখবেন এই বল কিন্তু একেবারেই খুব বড় হবে না। ছোট হলেই খেতে ভাল লাগবে বেশি। ১০-১৫ মিনিট বলগুলিকে ভাপিয়ে নিন।

প্যানে তেল গরম করুন। তাতে বিউলির ডাল, ছোলার ডাল, সর্ষের দানা, শুকনো লঙ্কা, কারি পাতা এবং তিল ফোড়ন দিন। অল্প নেড়ে দিন আদা বাটা এবং কাঁচালঙ্কা কুচি। ২-৩ মিনিট রাখুন। তার পরে ছোট ছোট বলের মতো ইডলি ঢেলে দিন মশলার মধ্যে।

ভাল করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। খুব অল্প সময়ের জন্য ভেজে নিন। তবে ইডলির গায়ে বাদামি ভাব আসবে না।

ভাজা হয়ে গেলে যে পাত্রে পরিবেশন করবেন, ঢেলে নিন তাতে। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। যে কোনও ধরনের চাটনির বাটি পাশে রেখে পরিবেশন করুন।

টিপস

এই ইডলির স্বাদ ইচ্ছেমতো বদলে নেওয়াও যায়। তার জন্য খুব বেশি কিছু আয়োজন লাগবে না। শুধু ইডলি বানানোর পরে প্যানে তেল দিয়ে ইচ্ছেমতো ফোড়ন এবং মশলা দিয়ে দিন। পেঁয়াজ কুচি দিতে পারেন, রসুন কুচি দিতে পারেন। যেকোনও মশলার সঙ্গেই মানিয়ে যাবে এই ইডলি। খেতে ভালও লাগবে।

Goli Idli Healthy Snacks Healthy Snack For Travelling Healthy Foods
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy