ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। ফুটবলপ্রেমীরা রাত জেগে টিভির সামনে জমিয়ে বসে খেলা দেখছেন। কখনও কখনও বাড়িতে বন্ধুরাও আসছেন। গল্প করতে করতে খেলা দেখার মজাই আলাদা। তবে রাত জাগতে হলে মুখরোচক স্ন্যাক্সও সঙ্গে থাকা প্রয়োজন। প্যাকেটবন্দি পপকর্ন, চিপ্স আর ভাল লাগছে না? খেলা দেখার উত্তেজনায় এগুলি বেশি খেয়ে ফেললেই পরের দিন সকালে সমস্যা হচ্ছে! তখন অম্বলে গলা-বুক জ্বালা শুরু হবে। তাই এমন স্ন্যাক্স সঙ্গে রাখতে হবে, যা স্বাদে ও স্বাস্থ্যে ভরপুর।
নাচোজ়, তবে স্বাস্থ্যকর
ভুট্টার আটা, গমের আটা, নুন, অরিগ্যানো, চিলিফ্লেক্স, সামান্য তেল দিয়ে ভাল করে মেখে নিয়ে মিনিট পনেরোর জন্য সাদা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখুন। এ বার লেচিগুলি পাতলা করে বেলে নিন। ছুরি দিয়ে ত্রিকোণাকারে কেটে নাচোজ়ের আকার দিন। এক একটি নাচোর দু’দিকে অয়েল ব্রাশ করে নিন। এ বার ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৮-১০ মিনিট বেক বা এয়ার ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে নাচোজ়। জল ঝরানো টক দই, সামান্য টম্যাটো সস্ আর কাসুন্দি মিশিয়ে একটি ডিপ বানিয়ে নিতে পারেন সঙ্গে।
মুচমুচে কাবলি ছোলা
সেদ্ধ করা কাবলি ছোলার সঙ্গে নুন আর অলিভ অয়েল মিশিয়ে ২০০ ডিগ্রি সেলসিয়াসে ২০ মিনিট এয়ার ফ্রায়ারে রোস্ট করে নিন। একটি বাটিতে রসুনের গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, চাটমশলা, আমচুর, গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একটি মশলা বানিয়ে নিন। এ বার মুচমুচে ছোলার উপরে ছড়িয়ে দিন ঝাল-ঝাল মশলাটি।
না ভেজেই চিজ় বল
একটি পাত্রে ছানা বা গ্রেট করা পনির নিন। একটি পাউরুটি জলে ভিজিয়ে হাতে চিপে নিয়ে গুঁড়ো করে ছানায় মিশিয়ে নিন। এ বার তার সঙ্গে মিশিয়ে দিন মিহি করে কাটা পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি, গোলমরিচগুঁড়ো, নুন, চিলিফ্লেক্স, চাটমশলা, অরিগ্যানো, গ্রেট করা চিজ়। খুব ভাল করে মিশ্রণটি মেখে নিন। এ বার তৈরি করা মণ্ড থেকে ছোট ছোট বল বানিয়ে নিন। এয়ার ফ্রায়ার প্রিহিট করে রাখুন। তার পর এয়ার ফ্রায়ারে অয়েল স্প্রে করে বলগুলি ছড়িয়ে ছড়িয়ে রেখে দিন। উপর থেকে আরও এক বার স্প্রে করুন তেল। ১৮০-২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিট এয়ার ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে চিজ় বল।